জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। তবে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় ১৬টি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের ক্ষেত্রে জিপিএ শর্ত কমিয়েছে বা শিথিল করেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এই দুই শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.০০ নির্ধারিত ছিল।
অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ নির্ধারিত ছিল।
বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১০ নভেম্বর থেকে। যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এ চার বিষয়ে কমপক্ষে মোট জিপিএ ১৬.০০ অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে। ২০২৫ শিক্ষাবর্ষে এই চার বিষয়ে জিপিএ যোগ্যতা ছিল ১৮।
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরই ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে হবে। এবার আবেদনের যোগ্যতায় কিছুটা শিথিলতা আনা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।
এসএসসিতে ৪র্থ বিষয় ছাড়া জিপিএ ৪ থাকতে হবে। এইচএসসির ক্ষেত্রে জিপিএ শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয়টি। বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থ ও রসায়নে মোট জিপিএ ১২সহ পৃথকভাবে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এ বছর ইংরেজির ক্ষেত্রে শর্ত বাতিল করা হয়েছে। আগের বছর ৪ বিষয়ে (উচ্চতর গণিত, ইংরেজি, পদার্থ ও রসায়ন) মোট জিপিএ শর্ত ছিল ১৮। আর উচ্চতর গণিত, পদার্থ ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম জিপিএ শর্ত ছিল ৪.০০।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২২ নভেম্বর)। এটি চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ (৪র্থ বিষয়সহ):
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ থাকার শর্ত ছিল।
‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)
‘বি’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অন্যদিকে, মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।
‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত সি ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ নির্ধারণ করা হয়েছে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য ৭.৫০ থাকার শর্ত ছিল।
‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ; নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং নপৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে)। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ প্রয়োজন ছিল।
‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)। আগের শিক্ষাবর্ষে এটি ছিল মোট জিপিএ ৯.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে)
‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ থাকার শর্ত ছিল। এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৪.০০ এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ থাকতে হতো।
ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ
এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে; যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের মোট ও পৃথক জিপিএ শর্ত কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে ‘সি’ ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একই সঙ্গে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩.২৫ প্রয়োজন ছিল। ‘বি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০, ‘সি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ এবং ‘ডি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ জিপিএ প্রয়োজন ছিল। ‘ই’ ইউনিটে গত বছর মোট জিপিএর ন্যূনতম শর্ত ছিল ৬.০০।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
এছাড়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মোট জিপিএ শর্ত অপরিবর্তিত রেখে বিষয়ভিত্তিক শর্ত শিথিল করেছে।
বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতেও আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ নির্ধারিত ছিল। তবে ওই বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্টের শর্তও বহাল ছিল।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ক্ষেত্রে এসএসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে এ তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে এই তিন বিষয়ে ন্যূনতম জিপিএ শর্ত ছিল ১৪.০০।
এদিকে সরকারি মেডিকেল ও ডেন্টালের ভর্তি আবেদনেও জিপিএ যোগ্যতা কমানোর আলোচনা চলছে বলে জানা গেছে।