২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষার্থীরা, নেই ১৭টিতে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নিচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থী-অভিভাবকরা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের। সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবেদনের শর্ত পূরণ সাপেক্ষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ২৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ হয়েও দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা। কেননা এই বিশ্ববিদ্যালগুলোতে ভর্তি আবেদন শেষ হবে মধ্য ডিসেম্বরের মধ্যে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল (বুয়েট), জিএসটি গুচ্ছসহ ২৯টি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি আবেদন ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে জানুয়ারির প্রথমার্ধে শেষ করবে বলে জানা গেছে।
সুযোগ মিলবে ২৯ বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে এ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাবেন সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণরা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। আবেদনগ্রহণ শেষ হবে আগামী ৫ জানুয়ারি। ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে এ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাবেন সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৫ নভেম্বর ১০ ডিসেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বরের এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা কুবিতে ভর্তির সুযোগ পাবেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে আজ শনিবার (২১ নভেম্বর) থেকে। ভর্তি আবেদনের এ কার্যক্রম ৭ জানুয়ারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে যোগ্যতা পূরণ করতে পারলে বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা।
জিএসটি গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
দেশের জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে শিক্ষামন্ত্রী এবং তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আহবান মেনে আগামী জানুয়ারি মাসে ভর্তি আবেদন শুরু করা হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির পর আয়োজন করা হবে। ফলে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন এইচএসসির সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা।
গত শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় ছিল ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়। এ বছর নতুন করে যুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ হয়েও ১৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। যা চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ফলে এইচএসসির সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আবেদনের সুযোগ না থাকায় এই বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১০ নভেম্বর থেকে। যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মুক্তহস্ত অঙ্কন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ফলে এই বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ মিলছে না সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫ নভেম্বর ১০ ডিসেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে। যা চলছে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়েও সুযোগ মিলবে না সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে। আবেদন শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারিতে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৪ নভেম্বর। যা শেষ হবে আগামী ২৯ নভেম্বর। ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে এ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ মিলছে না সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২২ নভেম্বর ১৫ ডিসেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন না এইচএসসির সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের।
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়
দেশের কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। এবার ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি। গুচ্ছ পরীক্ষা হওয়ায় সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের একসঙ্গে এই ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারাতে হচ্ছে।
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।