২১ নভেম্বর ২০২৬, ১০:০৮

বুয়েটসহ চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন ৪ হাজার ৫৮০, জেনে নিন ভর্তির খুঁটিনাটি

বুয়েট, চুয়েট, রুয়েট ও কুয়েটের লোগো  © টিডিসি সম্পাদিত

দেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ৪ হাজার ৫৮০টি। এসব বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও আয়োজন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, বুয়েটে স্নাতক প্রথম বর্ষে সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ৩০৯টি। গত ১৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য পর্যাপ্ত সময় রেখেই আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সুতরাং এইচএসসির পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং স্লাপ্লিমেন্টারি শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই। কারণ, তাদের রেজাল্ট ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। আমাদের ভর্তি কার্যক্রম জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত চলবে। ফলে শিক্ষার্থীরা আবেদন করার সময় পাবে। আমরা এই রিটে যাব না। কারণ, আমরা তো শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছি ‘

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন মিটিংয়ে ছিলাম, তখন আদালতের রায়টি সামনে আসে। খবরটি দেখার পরই তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করি। আমাদের তারিখ আগে ১৬ জানুয়ারি নির্ধারণের বিষয়ে আলোচনা ছিল। রিটের বিষয়টি জানার পর আমরা ১ ফেব্রুয়ারি চূড়ান্ত করি।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ৯টি বিভাগে মোট ৯৩১টি আসন রয়েছে। এর মধ্যে ৯২০টি সাধারণ আসন। এ ছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য একটি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধা তালিকায় মোট ৯ হাজার ৪৯৮ জন স্থান পেয়েছেন। এছাড়া বিশেষ কোটায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ২৮ জন এবং রাখাইন সম্প্রদায়ের ২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, স্থাপত্য বিভাগে মূল মেধা তালিকায় ৩০৩ জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ১ জন স্থান পেয়েছেন।

মেধা তালিকায় স্থান পাওয়া সকল প্রার্থীকে আগামী ১ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের অ্যাডমিশন পোর্টালে লগ-ইন করে এই চয়েজ ফর্ম পূরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও নগর পরিকল্পনা বিভাগের জন্য ১১টি পছন্দ প্রদান করতে হলেও স্থাপত্য বিভাগের প্রার্থীদের জন্য কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ভর্তির জন্য নির্বাচিত মূল মেধা তালিকার প্রথম ১ হাজার ২৫০ জন (ইঞ্জিনিয়ারিং) এবং স্থাপত্য বিভাগের প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে আগামী ২৫ ফেব্রুয়ারি সশরীরে বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে হবে। প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষে শূন্য আসনের ভিত্তিতে পরবর্তী নির্বাচিতদের তালিকা আগামী ১ মার্চের মধ্যে প্রকাশিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে যে ৫ ভুলে পিছিয়ে পড়তে পারেন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে এ পরীক্ষা ১৪ জানুয়ারি হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটে মোট ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ পরীক্ষায় রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে দুটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

এ বিষয়ে রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে এ তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে।

জিসিই ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। তাদের ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অন্যদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি বিজ্ঞপ্তিতে এবার কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। কুয়েটের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৫ সালে বা এর আগে এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে। অর্থাৎ, চার বিষয়ে মোট জিপিএ হতে হবে কমপক্ষে ১৬। তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তিচ্ছুদের জীববিজ্ঞানেও কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও এসব বিষয়ে সমমানের গ্রেড পেতে হবে।


জিসিই ও-লেভেল ও এ-লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। এ-লেভেলে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে আলাদাভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে এ-লেভেলে জীববিজ্ঞানেও কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নের শর্ত রয়েছে। তাদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি প্রতিটি বিষয়ে আলাদাভাবে কমপক্ষে ৯০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। পাশাপাশি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড থাকতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির নির্দেশনা, আবাসন ও বৃত্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া বৈধ আবেদনগুলোর মধ্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত মোট মেধাস্কোরের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত সব প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ ডিসেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাক্রম, বিভাগ পছন্দের নির্দেশনা, ভর্তির নিয়মাবলি ও ভর্তির তারিখ জানানো হবে ২২ জানুয়ারি। কুয়েটের ১৭টি বিভাগে আসন বিন্যাসের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ৬০টি, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে ৬০টি এবং আর্কিটেকচার বিভাগে ৫০টি আসন রয়েছে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগে ৫০টি আসন রয়েছে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৬০টি, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসন রয়েছে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে যে কৌশল অনুসরণ করবেন

আর্কিটেকচার প্রোগ্রামে পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সব প্রোগ্রামে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি দেওয়া হবে। মোট আসনের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও পার্বত্য জেলার অধিবাসীদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ভর্তি ফি জমা দিয়ে আবেদন জমা দিতে হবে। খুলনা কেন্দ্রে পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা এবং ঢাকা ও রাজশাহী কেন্দ্রে ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ফির সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত হবে।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পাঠ্যসূচি এবং ফাংশনাল ইংলিশের ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ৫০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ২৫টি করে প্রশ্নের বিপরীতে ১২০ নম্বর করে এবং ইংরেজিতে ২৫টি প্রশ্নের বিপরীতে ৫০ নম্বর থাকবে। প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কুয়েটের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণে কোনো সমস্যা হলে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ০১৭১৪০৮৭৩৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে admission@kuet.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।