১৯ নভেম্বর ২০২৬, ১৯:৫০

জিপিএ যোগ্যতা অপরিবর্তিত, কমল ৪ বিষয়ের সম্মিলিত গ্রেড পয়েন্ট, সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও

বুটেক্স  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তির আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। আর আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১ জানুয়ারি পর্যন্ত।

এদিকে বুয়েটের পর বুটেক্সেও সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছে। তথ্যমতে, এক এবং দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। অর্থ্যাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও বুটেক্স ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন।

জিপিএ যোগ্যতা ঠিক, কমল ৪ বিষয়ের সম্মিলিত গ্রেড
নতুন ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতেও আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ নির্ধারিত ছিল। তবে ওই বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্টের শর্তও বহাল ছিল।

অর্থাৎ, গত বছরের তুলনায় এবার চারটি বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত ১.০০ কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবেদনের ন্যূনতম জিপিএ এবং প্রতিটি বিষয়ে পৃথক গ্রেড পয়েন্টের যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা আরও বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই জন্মগতভাবে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশী হতে হবে। 

(খ) আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে। 

(গ) ২০২৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি. কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ এবং গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। উল্লেখিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

(ঘ) গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৪,০০০ (চৌদ্দ হাজার) জন যোগ্য প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং একই সাথে SMS এর মাধ্যমে জানানো হবে।

(ঙ) প্রার্থী GCE 'O' লেভেল এবং GCE 'A' লেভেল পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE 'O' লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা আলাদাভাবে 'A' গ্রেড পেতে হবে। GCE 'A' লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদা আলাদাভাবে 'A' গ্রেড পেতে হবে।

প্রার্থীকে ২০২৬ সালে GCE 'A' লেভেলের ফলাফল প্রাপ্ত হতে হবে। Equivalence Certificate প্রাপ্তির জন্য ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা অর্থ ও হিসাব দপ্তরে নগদ প্রদানপূর্বক '০' লেভেল এবং 'A' লেভেল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ২২/১২/২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।