মেডিকেলসহ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বরে, ১২টির হবে জানুয়ারিতে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, ডিসেম্বর মাসে মেডিকেল-ডেন্টালসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা নেবে ১১টি বিশ্ববিদ্যালয়।
ডিসেম্বরে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ডিসেম্বরের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষার মৌসুম। এরপর একই মাসে মেডিকেল ও ডেন্টাল এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেডিকেল-ডেন্টাল
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগে চলতি মাসের শেষ পর্যন্ত চলবে ভর্তি আবেদন। দুই-একদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশের পর আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাও এমবিবিএস ও বিডিএস কোর্সে আবেদনের সুযোগ পাবেন।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের সময়সীমা ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এসব তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষা হবে—বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে।
জানুয়ারিতে হবে ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষার ব্যস্ততা আরও বাড়বে। এ মাসে কৃষিগুচ্ছ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কৃষিগুচ্ছ
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরই ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে হবে। এবার আবেদনের যোগ্যতায় কিছুটা শিথিলতা আনা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মুক্তহস্ত অঙ্কন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার কেন্দ্র: খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই হচ্ছে। আজ বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত থাকা তিনজন ডিন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে তা এখনো জানানো হয়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোন ইউনিটের পরীক্ষা কোন দিনে অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে গত ১৭ নভেম্বর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। আগামী ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা।
পরদিন ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আওতায় রয়েছে এফঅ্যান্ডবি, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ম্যানেজমেন্ট, বিবিএ-জেনারেল ও এমবিএ। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের (এফএমএস) অধীনে ব্যাচেলর অব ফার্মেসি (বি. ফার্ম) কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এর আগে বিশ্ববিদ্যালয়টির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এইউবি)। পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার) স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি। ভর্তি কমিটির সভাপতি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার পর ভর্তি পরীক্ষার আবেদন, যোগ্যতা, শর্ত, সময়সূচি ও মানবণ্টনসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও স্থাপত্য অনুষদের এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর পাশাপাশি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ক গ্রুপ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত হবে খ গ্রুপ।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি। গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার এই সময়সূচি জানানো হয়। এর আগে,৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধানদের কমিটির সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।