১৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৮

দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল

ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয় দুটি ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে।

নতুন সূচি অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিইউপির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬-২৩ জানুয়ারি।  

বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে  বলেন, শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য পর্যাপ্ত সময় রেখেই আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সুতরাং এইচএসসির পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই। কারণ, তাদের রেজাল্ট ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। আমাদের ভর্তি কার্যক্রম জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত চলবে। ফলে শিক্ষার্থীরা আবেদন করার সময় পাবে।’

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন মিটিংয়ে ছিলাম, তখন আদালতের রায়টি সামনে আসে। খবরটি দেখার পরই তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করি। আমাদের তারিখ আগে ১৬ জানুয়ারি নির্ধারণের বিষয়ে আলোচনা ছিল। রিটের বিষয়টি জানার পর আমরা ১ ফেব্রুয়ারি চূড়ান্ত করি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই রিটে যাব না। কারণ, আমরা তো শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আজ আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। 

এদিকে গত ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইউপি। আগামী ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। 

নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা।

পরদিন ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আওতায় রয়েছে এফঅ্যান্ডবি, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ম্যানেজমেন্ট, বিবিএ-জেনারেল ও এমবিএ। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের (এফএমএস) অধীনে ব্যাচেলর অব ফার্মেসি (বি. ফার্ম) কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এর আগে, গত ৩১ আগস্ট বিইউপির ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা; ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। এছাড়া, ৮ জানুয়ারি সায়েন্স ও টেকনোলজি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, মেডিকেল স্ট্যাডিজ অনুষদ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।