১৮ নভেম্বর ২০২৬, ১৪:০৩

১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগে চলতি মাসের শেষ পর্যন্ত চলবে ভর্তি আবেদন। দুই-একদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে আজ বুধবার (১৮ নভেম্বর) দেওয়া হাইকোর্টের রিটে ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশে কী আছে, সে বিষয়ে খোঁজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবার এইচ‌এসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাও এমবিবিএস ও বিডিএস কোর্সে আবেদনের সুযোগ পাবেন।

বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘উচ্চ আদালতের পুরো নির্দেশনায় কী আছে—আমরা সেটি খোঁজ নিচ্ছি। তবে ১৮ ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ভর্তি আবেদন বন্ধের তারিখটা এভাবেই নির্ধারণ করেছি যেন পুনঃনীরিক্ষণের ফল প্রকাশের পরও অন্তত দুয়েকদিন আবেদনের সুযোগ থাকে। যদি ২৯-৩০ নভেম্বরেও ফল প্রকাশ হয়, তাও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।’

পুনঃনিরীক্ষণসহ বিভিন্ন জটিলতায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে জানিয়ে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন, ‘আমরা আর দুয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করব।’

আরও খবর: ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। মাত্র ২৫ দিন সময় পিছিয়ে দিলেই এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে খারাপ করা প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারে বলে মন্তব্য করেছেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ। 

তার মতে, সামান্য সময়ের ব্যবধান বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় করা হলে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ খুলে যেতে পারে। বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের আদেশের বিষয়ে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি।