১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪

ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন গত ১১ নভেম্বর শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এরইমধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হওয়ার কথা থাকায় ভর্তি আবেদনের সময় আরও বাড়ানোর দাবি উঠেছে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ চার দিন এগিয়ে আনা হতে পারে। শুরুতে ২৭ নভেম্বরের পরিবর্তে আগামী ২৩ নভেম্বর এ ফল প্রকাশ করার কথা রয়েছে। 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একাধিকবার এ তথ্য জানিয়েছেন। এরইমধ্যে পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল ভালো হবে, তাঁদেরও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদনের সুযোগ থাকে, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

যদিও এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ঢাবি কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ২৩ নভেম্বর ফলাফল প্রকাশ হলে তারপর আরও দুদিন সময় থাকবে আবেদনের। তখন প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে এখন মূল প্রশ্ন হচ্ছে, ২৩ নভেম্বর ফল প্রকাশ করতে পারবে কিনা।

তিনি বলেন, এদিনের মধ্যে ফল প্রকাশ করলে আবেদনের সময় বৃদ্ধির প্রয়োজন নাও হতে পারে। তবে ফল প্রকাশে আরও দেরি হলে তখন বিষয়টি বিবেচনা করতে পারে কর্তৃপক্ষ। তবে খুব বেশি সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানান তিনি।

এদিকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য অপেক্ষা না করে, যাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা আছে,  তাদেরকে  অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে, সে অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পর্যন্ত আইবিএ ইউনিটে ১২০, বিজ্ঞান ইউনিটে ১৮৯১, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯৩৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০ এবং চারুকলা ইউনিটের ১৩০টি আসন রয়েছে।

এবার ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। 

আরও খবর: পেছাল বিইউপির ভর্তি পরীক্ষা, থাকছে সেকেন্ড টাইম

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 

তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট, ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।