ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন এনসিটিবির বইয়ের আলোকে, যা আছে সংক্ষিপ্ত সিলেবাসে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত পাঠ্যসূচির আলোকে এই ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন প্রণয়ন করা হবে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস, নম্বর বণ্টন ও পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় এমসিকিউ অংশের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশের জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ অংশে ৬০ এবং লিখিত অংশে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এমসিকিউতে বাংলা ও ইংরেজিতে ১৫টি করে এবং সাধারণ জ্ঞানে ৩০টি প্রশ্ন থাকবে। লিখিত অংশে বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর করে বরাদ্দ রাখা হয়েছে। ভর্তি-পরীক্ষার এমসিকিউ অংশের এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে ২০২৬ সালের অনুসৃত পাঠ্যসূচি অনুসারে প্রণীত হবে।
বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য,উপন্যাস ও নাটক-ভিত্তিক), লেখক/ কবি পরিচিতি, মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক), সারাংশ / সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত) এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে।
অন্যদিকে, Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences অধিক গুরুত্ব পাবে।
সাধারণ জ্ঞানে যেসব বিষয় থাকছে
এমসিকিউ অংশের সাধারণ জ্ঞানের প্রশ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং বিভিন্ন একাডেমিক বিষয়ের আলোকে প্রণয়ন করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
জিসিই/‘এ’ লেভেল উত্তীর্ণ পরীক্ষার্থীরা বাংলার পরিবর্তে অ্যাডভান্সড অংশের উত্তর দেবেন। এ অংশের এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রশ্ন প্রচলিত রীতি অনুসরণ করে প্রণয়ন করা হবে।
ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০
ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। তবে এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে পরীক্ষার্থীদের বাংলায় ন্যূনতম ৫, জেনারেল ইংলিশে ৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বরসহ সর্বমোট কমপক্ষে ২৪ নম্বর পেতে হবে।
লিখিত পরীক্ষায় ন্যূনতম ১১ নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলা অংশে কমপক্ষে ৫ এবং ইংরেজি অংশে কমপক্ষে ৫ নম্বর অর্জন করতে হবে। এ লেভেল পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য শর্ত একই থাকবে।
যেভাবে নির্ধারিত হবে মেধাস্কোর
মোট ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে ৬০, লিখিত অংশে ৪০, মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের জন্য ১০ এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে।
মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ করে প্রাপ্ত নম্বর দুটির যোগফল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত করে ১২০ নম্বরের মেধাস্কোর নির্ধারণ করা হবে।
এ ছাড়া এমসিকিউ অংশে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নির্ধারিত আসনসংখ্যার সর্বোচ্চ পাঁচগুণ শিক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। উত্তরপত্রের ওপরের অংশে পরীক্ষার্থীর নাম, মাতার নাম ও পিতার নাম প্রবেশপত্রে যেভাবে ইংরেজিতে লেখা রয়েছে, ঠিক সেভাবেই লিখতে হবে।
পরীক্ষায় ওএমআর পদ্ধতির একটি উত্তরপত্র এবং লিখিত পরীক্ষার উত্তরপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহ করবে। অতিরিক্ত কোনো উত্তরপত্র দেওয়া হবে না। সরবরাহ করা উত্তরপত্রেই পরীক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর দিতে হবে।