১৭ নভেম্বর ২০২৬, ১৪:২৭

তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন চলছে, চলতি মাসেই শুরু আরও ৪টির

পরীক্ষার হল   © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। এদিকে চলতি নভেম্বর মাসেই আরও চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। আবেদন চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অন্যদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১০ নভেম্বর থেকে। আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত।

নভেম্বরেই শুরু হচ্ছে আরও চারটির আবেদন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২১ নভেম্বর। আবেদন শেষ হওয়ার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। 

জানা গেছে, জিপিএ শর্তে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই এসএসসি এবং এইচএসসি (বা সমমান) পরীক্ষায় জিপিএ-৫সহ পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বিষয়ে আলাদাভাবে জিপিএ-৫ থাকতে হবে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ভর্তি আবেদন শুরু হবে আগামী ২২ নভেম্বর। ভর্তিচ্ছুরা আগামী ১৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। 

এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী,২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ (৪র্থ বিষয়সহ):

‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ থাকার শর্ত ছিল।

‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) 
‘বি’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অন্যদিকে, মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। 

গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।

‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত সি ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ নির্ধারণ করা হয়েছে।

গত শিক্ষাবর্ষে এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য ৭.৫০ থাকার শর্ত ছিল।

‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ; নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে)। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ প্রয়োজন ছিল।

‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)। আগের শিক্ষাবর্ষে এটি ছিল মোট জিপিএ ৯.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে)

‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

গত শিক্ষাবর্ষে এ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ থাকার শর্ত ছিল। এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৪.০০ এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ থাকতে হতো।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ 
এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

গত শিক্ষাবর্ষে আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর। এটি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।  

গত ৯ আগস্ট জবি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীনের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের মোট ও পৃথক জিপিএ শর্ত কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে ‘সি’ ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। 

সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একই সঙ্গে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।

চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

কৃষিগুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয় 
দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। 

এ বছর কৃষিগুচ্ছের ভর্তি আবেদনেও জিপিএ শর্ত কমানো হয়েছে। গত ১৫ নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। 

তিনি বলেন, জিপিএ কিছুটা শিথিল করেছি। পূর্বে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮.৫ লাগতো। এবার আমরা সেটা কমিয়ে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮ করা হয়েছে।  

এবার কৃষিগুচ্ছে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও ভর্তি কার্যক্রমে অংশ নেবে ৯টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। 

নতুন প্রতিষ্ঠিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার শিক্ষার্থী ভর্তি করা হবে না।