১৬ নভেম্বর ২০২৬, ২০:১৭

মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন-গন্তব্যহীন

মুহম্মদ সজীব প্রধান  © টিডিসি সম্পাদিত

ভর্তি পরীক্ষার্থীদের অনেকেই প্রায় বলে, “ভাইয়া প্রচুর অলসতা কাজ করে। পড়তে ইচ্ছে করেনা।” তাদের এই কথা শুনলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। পড়তে ইচ্ছে করেনা— কী ভয়ংকর কথা! চলো আজ এই ব্যাধির কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করি। আমরা খুব সহজেই নিজেদের কিংবা অন্যদের অলস বলে দিই। কিন্তু আমার মনে হয়, সমস্যাটা সব সময় অলসতা নয়। সমস্যাটা আরও গভীরে। মানুষ কখনো অলস হয় না! মানুষ হয় স্বপ্নহীন, মানুষ হয় গন্তব্যহীন।
 
একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো, দুজন মানুষ রাতে একইসাথে ঘুমাতে গেলো। দুজনই মোবাইলে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখলো। কিন্তু প্রথম জনের সামনে কোনো উদ্দেশ্য নাই। অর্থাৎ ভোরে সে কেন ঘুম থেকে ওঠবে জানেনা। অন্যদিকে, দ্বিতীয় জনের সামনে উদ্দেশ্য স্পষ্ট। ভোরে তাকে একটি ট্রেন ধরতে হবে, যে ট্রেন তোকে সমুদ্র সৈকতে নিয়ে যাবে। দেখবে, দুজনের ঘুম ভাঙার অভিজ্ঞতা এক হবে না। দ্বিতীয় মানুষটি হয়তো অ্যালার্ম বাজার আগেই উঠে বসবে। কারণ, তার সামনে একটা গন্তব্য আছে। সে জানে, আজকের সকালটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। পার্থক্যটা আসলে ঘুমের মধ্যে নয়, পার্থক্যটা উদ্দেশ্যের মধ্যে।
 
ঠিক একইভাবে যতোদিন পর্যন্ত তোমরা পড়াশোনার উদ্দেশ্যে স্পষ্টভাবে বুঝতে না পারবে ততোদিন তোমরা পড়াশোনায় উদ্যম অনুভব করতে পারবে না। যে ছেলেটা প্রচুর পড়াশোনা করে আর যে ছেলেটা পড়াশোনায় আলসেমি অনুভব করে দুজনের মধ্যে পার্থক্য একটাই। স্বপ্নকে অনুভব করা এবং গন্তব্য সম্পর্কে সচেতনতা। এবার নিজের দিকে তাকাও। তুমি কি সত্যিই জানো, তোমার পড়াশোনার উদ্দেশ্য কী? কেন তোমাকে অন্যদের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে? তুমি কি সত্যিই নিজেকে একজন চিকিৎসক হিসেবে কল্পনা করো? হাসপাতালের সাদা অ্যাপ্রোন পরে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখো? কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজের পরিচয়ে মাথা উঁচু করে হাঁটার স্বপ্ন কি তোমাকে কখনো আলোড়িত করে? নাকি স্বপ্নগুলো কেবল মুখে বলার মধ্যেই সীমাবদ্ধ?

সবসময় মনে রাখবা, স্বপ্ন আমাদের ভেতরে আগুন জ্বালায়। কিন্তু দিনের পর দিন যখন আমরা সেই স্বপ্নের কথা ভুলে থাকতে শুরু করি, তখন সেই আগুনও ধীরে ধীরে নিভে যায়। স্বপ্নের ওপর ধুলো জমে। গন্তব্য অস্পষ্ট হয়ে যায়। তখন পড়ার টেবিলটা আর সম্ভাবনার জায়গা মনে হয় না, মনে হয় একঘেয়ে কোনো শাস্তির ঘর। অথচ একটু ভেবে দেখো, তুমি যখন মোবাইলে রিলস দেখো, তখন তোমার মস্তিষ্ক একের পর এক নতুন আনন্দের সংকেত পায়। সেখানে কোনো দীর্ঘ অপেক্ষা নেই, কোনো কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় না, কোনো ব্যর্থতার ভয় নেই। কিন্তু পড়াশোনার আনন্দটা একটু ভিন্ন। এখানে আনন্দের আগে আসে পরিশ্রম, সাফল্যের আগে আসে ব্যর্থতা, আর অর্জনের আগে আসে দীর্ঘ অপেক্ষা। আমরা অনেক সময় তাৎক্ষণিক আনন্দের কাছে ভবিষ্যতের বড় অর্জনকে বিসর্জন দেই। কয়েক মিনিটের বিনোদনের জন্য ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করি। ভুলে গেলে হবেনা, যে আনন্দ তোমাকে সাময়িকভাবে ভালো রাখে, তা তোমাকে ভবিষ্যতে ভালো রাখবে না।
 
রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতার সেই পঙ্‌ক্তিটি মনে আছে?

❝ The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep.❞

অর্থাৎ, চারপাশ যতই সুন্দর হোক, আমার কিছু প্রতিশ্রুতি আছে, কিছু দায়িত্ব আছে। ঘুমিয়ে পড়ার আগে আমাকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। তোমার জীবনেও এমন কিছু প্রতিশ্রুতি থাকা দরকার। নিজের কাছে প্রতিশ্রুতি, পরিবারের কাছে প্রতিশ্রুতি, আর সেই স্বপ্নের কাছে প্রতিশ্রুতি, যে স্বপ্ন একদিন তোমাকে আবেগে আপ্লুত করেছিলো।
 
মনে রেখো, মেডিকেল, বিশ্ববিদ্যালয় কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা কেবল একটি পরীক্ষা নয়। এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দরজা। এই দরজার ওপারে হয়তো অপেক্ষা করছে তোমার বহুদিনের লালিত স্বপ্ন। কিন্তু দরজাটা নিজে থেকে খুলবে না। তোমাকেই পরিশ্রম করে সেখানে পৌঁছাতে হবে। তোমাকে প্রতিদিন বারো-চৌদ্দ ঘণ্টা পড়তেই হবে, এমন কোনো কথা নেই। কিন্তু প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার মতো কিছু কাজ তোমাকে করতেই হবে। যেদিন পড়তে ইচ্ছা করবে না, সেদিনও অন্তত বইটা খুলে বসো। যেদিন মনোযোগ আসবে না, সেদিনও কিছুটা সময় দাও। কারণ, সফল মানুষের প্রতিটি দিন অনুপ্রেরণায় ভরপুর থাকে না। অনেক দিনই তারা কাজ করেন শুধু নিজেদের প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকার জন্য।
 
জীবন তোমাকে বারবার সুযোগ দেবে না। আর ভর্তি পরীক্ষার প্রস্তুতির এই সময়টুকুও চিরকাল থাকবে না। আজ যে সময়টা তোমার হাতে আছে, কয়েক মাস পর হয়তো সেটাই হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি কিংবা সবচেয়ে বড় আক্ষেপ। তাই অলসতাকে দোষ দেওয়ার আগে নিজের স্বপ্নের দিকে একবার তাকাও। গন্তব্যটা পরিষ্কার করো। যখনই অলসতা কাজ করবে তখন মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করো। কল্পনায় আলতোভাবে ছুঁয়ে দেখো তোমার স্বপ্নকে। দেখো পৃথিবীটা তখন কতটা বর্ণাঢ্য লাগে। তুমি অনুভব করবে, জাদুর মতো পথ চলার শক্তিটা ধীরে ধীরে ফিরে আসছে।

লেখক: মুহম্মদ সজীব প্রধান, প্রতিষ্ঠাতা, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার প্লানেট