জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্লিমেন্টারিতে বসাদের সুযোগ থাকছে না
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়া হচ্ছে। এ অবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে এ অনুরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বড় বড় বিশ্ববিদ্যালয় তাতে সাড়া দেয়নি। এবার সাড়া দিল না কৃষি গুচ্ছভুক্ত ৯ পাবলিক বিশ্ববিদ্যালয়।
আজ রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এই গুচ্ছের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। সভা শেষে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই মতবিনিময় সভা শেষে কৃষি গুচ্ছের ভিসিদের নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ডেট পরিবর্তন করে নাই, তাই আপাতত আমাদের ডেট পরিবর্তন হচ্ছে না। পরীক্ষা আগামী ২ জানুয়ারি হবে। তবে যদি সরকারিভাবে কোনো নোটিশ আসে, তখন আমরা ভর্তির ডেট পরিবর্তন নিয়ে চিন্তা করবো।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে হবে। শিক্ষার্থীরা পছন্দমতো তাদের কেন্দ্র চয়েজ দিতে পারবে। আমরা এবার জিপিএ কিছুটা শিথিল করেছি। পূর্বে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত নুন্যতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮.৫ লাগতো। এবার আমরা সেটা কমিয়ে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নুন্যতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮ করা হয়েছে।
এদিকে, রাতে ইউজিসি থেকে সেই প্রেস বিজ্ঞপ্তির সংশোধনী পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘মূল সংবাদ বিজ্ঞপ্তি থেকে ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে’—এই অংশটি বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি।’
তথ্য মতে, আগামী ১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রকাশ হবে ডিসেম্বরের শেষে।
এদিকে, কৃষি গুচ্ছের আবেদন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে চল ১৫ ডিসেম্বর পর্যন্ত। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ৯ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাবেন না।
জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ গত শিক্ষাবর্ষে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
এরমধ্যে ছিল-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এবারও এসব বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা হবে।
পূর্বসূচিতে ঢাবিসহ আরও ৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সাপ্লিমেন্টারিতে বসাদের সুযোগ থাকছে না
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। এছাড়া বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। গত অক্টোবর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে। অপরদিকে বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।
ফলে ঘোষিত সময় মেনে আবেদন ও পরীক্ষা হলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি। ফলে সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।