ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভিসি বললেন— ‘তারিখ পরিবর্তন হচ্ছে না’
কৃষি গুচ্ছভুক্ত ৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন সংশ্লিষ্ট ভিসিরা।
আজ রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এই গুচ্ছের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। সভা শেষে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, এই মতবিনিময় সভা শেষে কৃষি গুচ্ছের ভিসিদের নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ডেট পরিবর্তন করে নাই, তাই আপাতত আমাদের ডেট পরিবর্তন হচ্ছে না। পরীক্ষা আগামী ২ জানুয়ারি হবে। তবে যদি সরকারিভাবে কোনো নোটিশ আসে, তখন আমরা ভর্তির ডেট পরিবর্তন নিয়ে চিন্তা করবো।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে হবে। শিক্ষার্থীরা পছন্দমতো তাদের কেন্দ্র চয়েজ দিতে পারবে। আমরা এবার জিপিএ কিছুটা শিথিল করেছি। পূর্বে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত নুন্যতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮.৫ লাগতো। এবার আমরা সেটা কমিয়েএসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নুন্যতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮ করা হয়েছে।
জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ গত শিক্ষাবর্ষে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
এরমধ্যে ছিল-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।