ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের সুযোগ পাবেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া গত বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এবারও খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ রাখা হয়েছে। তবে সে জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে খেলোয়াড় কোটায় ভর্তির যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে, প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে; বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়স ভিত্তিক (অনুর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যক্তিগত ক্রীড়াসমূহে (বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনভূক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র্যাংকিং অনুযায়ী ১-৫ এর মধ্যে থাকতে হবে। সব খেলোয়াড় প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
খেলোয়াড় সুবিধায় প্রার্থীকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হতে হবে। খেলোয়াড় সুবিধায় ভর্তির আসন সংখ্যা নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ বিজ্ঞপ্তি প্রদান করে খেলোয়াড় সুবিধায় দরখাস্ত আহবান করবেন। কোটায় ভর্তির আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসনসমূহ পূরণ করা হবে।
আরও খবর: রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
এছাড়া নির্ধারিত আসন সংখ্যার বাহিরে পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী স্ব-স্ব ইউনিট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট, ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর। ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।