জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসাদের ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এতে অংশগ্রহণের সুযোগ থাকছে না।
অপরদিকে, এবার এই বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা বাড়ছে মোট ৬টি। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ছিল ১ হাজার ৮৪২টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৮টিতে।
সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগের শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ছিল ১ হাজার ৮৪২টি। এবার তা বাড়িয়ে ১ হাজার ৮৪৮টি করা হয়েছে। তবে কিছু বিভাগে আসনসংখ্যা কমেছে।
তিনি আরও বলেন, কোন কোন বিভাগে আসন বেড়েছে বা কমেছে, তা পরে জানানো হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার ও শনিবার বাদে অন্যান্য দিন ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, আমাদের পূর্বনির্ধারিত সময়সূচি ও সিডিউল এখনো বহাল রয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত এলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, উপাচার্য মহোদয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় হয়তো বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও আমাদের স্বাভাবিক কার্যক্রম ও কাজ চালু রাখতে হবে।