পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই হচ্ছে। তবে আবেদনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আবেদন আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার আবেদন ১৫ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দিন-রাত যেকোনো সময় ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এমনকি সরকারি ছুটির দিনেও আবেদন প্রক্রিয়া চালু থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এতে আরও বলা হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে আগে ঘোষণা করা ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
এদিকে পূর্বঘোষিত তথ্য অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় এবং ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।