ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর ভর্তি পরীক্ষা ইস্যুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। প্রতিষ্ঠানটির ২০২৬-২০২৭ সেশনের আন্ডারগ্রাজুয়েট ১ম বর্ষের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। ৩টি বিভাগীয় শহরে এই পরীক্ষা হবে। চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও একই সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচএসসির অকৃতকার্য, পুনর্নিরীক্ষার পরীক্ষায় ফলাফল পরিবর্তন ও শর্তপূরণ হলেই তারা পরীক্ষা দিতে পারবে।’
এর আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে আজ ভর্তি কমিটির সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয়গুলো। এর প্রেক্ষেতেই এ ধরনের সিদ্ধান্ত এলো।