ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর্ত শিথিল
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হচ্ছে। ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এর আওতায় বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। ফল পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন: পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিট, ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।
ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।