১১ নভেম্বর ২০২৬, ০৯:০৬

পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেড় মাস পিছিয়েছে। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরামর্শ অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো। পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও খবর: ১৮ ডিসেম্বরই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।

ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর আগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে নেওয়া হয়েছে।