ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল আরও একটি বিশ্ববিদ্যালয়
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এইউবি)। পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার) স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।