০৭ নভেম্বর ২০২৬, ১৬:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না

বুয়েট ক্যাম্পাস  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে। চলতি মাসেই আবেদন শুরু হবে। আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।

তিনি বলেন, এইচএসসির পুনঃনিরীক্ষণ করে যারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা বুয়েটে আবেদন করতে পারবেন। এজন্য আমরা দেরিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) যারা অংশগ্রহণ করবেন, তারা অংশ নিতে পারার কথা না। কারণ তাদের নম্বর এমনিতেই কম থাকবে।

বুয়েটের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। গত সেপ্টেম্বরে বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। ফলে কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছিল।

এর আগে প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল। তবে এবারও সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদেরও বাছাই না করার সম্ভাবনা বেশি। 

অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, শিগ্‌গির বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আবেদনের শুরুর তারিখসহ ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই ফলাফলের পর এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করবে বলে জানিয়েছে তারা।

সেই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক সভা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা উপস্থিত ছিলেন। সেখানে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে আলোচনা হয়। এরপর মেডিকেলের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যথাসময়ে নেওয়ার কথা জানিয়েছেন।