সাপ্লিমেন্টারি দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বসতে পারবেন মেডিকেল ভর্তি পরীক্ষায়?
এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে। তবে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় তারা সুযোগ পাবেন কিনা—এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এইচএসসিতে সাপ্লিমেন্টারি দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তির যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা, এ বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এদিকে আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি জানিয়েছেন, আরও কিছুদিন পিছিয়ে পরীক্ষাটি নেওয়া হবে। তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনও নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।’
অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, তার ওপর নির্ভর করছে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এডিজি রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া এখনও ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়নি। সেটি চূড়ান্ত হলেও আমরা সে অনুযায়ী পরীক্ষা নিতে পারব।