ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কারণে শাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বঘোষিত অনুযায়ী আগামী ২৬ ও ২৭ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত মতে, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি (রবিবার ও সোমবার) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তাই পরীক্ষার্থীদের সম্ভাব্য ভোগান্তি এড়াতেই তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।