কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, দেখে নিন একনজরে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাসের হার নিম্নমুখী। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের যোগ্যতা অর্জন করতে পেরেছেন কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাথায়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে নভেম্বরে। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের যোগ্যতায় এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ এবং পৃথক পরীক্ষার ফলের শর্তে রয়েছে ভিন্নতা।
প্রকাশিত তথ্য, আগের শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা ও প্রাথমিক ঘোষণার ভিত্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদনে কত জিপিএ প্রয়োজন, তা তুলে ধরা হলো-
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে ৩.৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটেও বিভাগভেদে একই জিপিএ শর্ত প্রযোজ্য। চারুকলা ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
সর্বশেষ ভর্তি নীতিমালা অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৭ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩.৫০ এবং মোট ৮ প্রয়োজন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ শর্ত এখনো নিশ্চিত হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গত শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ৩.৫০ প্রয়োজন ছিল। বিজ্ঞান বিভাগের জন্য মোট ৮.৫০ এবং পৃথকভাবে ৩.৫০। এ ছাড়া এ ইউনিটে মোট ৮.৫০ ও পৃথকভাবে ৪ এবং ডি ইউনিটে মোট ৯ ও পৃথকভাবে ৪ প্রয়োজন ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এ ইউনিটে মোট জিপিএ ৭ এবং পৃথকভাবে ৩; বি ও ডি ইউনিটে মোট ৬ এবং পৃথকভাবে ২.৭৫; সি ইউনিটে মোট ৬.৫০ এবং পৃথকভাবে ৩; ই ইউনিটে মোট ৫.৫০ এবং পৃথকভাবে ২.৫০ থাকতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
গত শিক্ষাবর্ষের শর্ত অনুযায়ী, এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে জিপিএ ৫ প্রয়োজন ছিল। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে জিপিএ ৫ থাকতে হতো।
কুয়েট
এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ৪ এবং ইংরেজিসহ চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৮ থাকতে হতো।
চুয়েট
এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল। ইংরেজিতে থাকতে হতো কমপক্ষে ৩।
রুয়েট
এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ এবং এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গত শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট জিপিএ ৮ (এসএসসিতে ৪ ও এইচএসসিতে ৩)। বি ইউনিটে মানবিক বিভাগের জন্য মোট ৬.৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জন্য ৭। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৭ এবং ডি ইউনিটে ৭.৫০ প্রয়োজন ছিল।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান বিভাগের এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩.২৫ এবং মোট ৭; মানবিক বিভাগের বি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬; ব্যবসায় শিক্ষা বিভাগের সি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬.২৫ প্রয়োজন ছিল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৬.৫০ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিতে কমপক্ষে ৩ থাকতে হতো। বি ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩ এবং মোট ৬ প্রয়োজন ছিল।
কৃষি গুচ্ছ
গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৪ এবং মোট ৮.৫০ প্রয়োজন ছিল। জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল।
প্রসঙ্গত, জিপিএ শর্তগুলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পর শর্ত পরিবর্তন হতে পারে।