২৯ অক্টোবর ২০২৬, ১৬:১৫

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন

জাবি ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। এবারের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ নম্বর কমিয়ে এমসিকিউ অংশে নম্বর বাড়ানো হয়েছে। এছাড়া প্রথমবারের মতো ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নসহ আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

‎তিনি জানান, এবারও ১০০ নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষার মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৯০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ১.১২৫ নম্বর। আগে প্রতি প্রশ্নের মান ছিল ১। বাকি ১০ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে ৫ নম্বর করে মোট ১০ নম্বর নির্ধারিত থাকবে।

তিনি আরও জানান, এ ছাড়া ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আইন বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে বিভাগটি নতুন কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিত।

বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা আরও বলেন, ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে শুক্রবার ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদনপ্রক্রিয়া শেষ হলে কতটি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফি এখনো চূড়ান্ত করা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের ন্যায় এবারও প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক থাকবে ০.২০। সেকেন্ড টাইমারদের কোনো নম্বর কাটা হবে না। এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।