০৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবাস প্রকাশ

ক্যাডেট কলেজ শিক্ষার্থী  © সংগৃহীত

২০২৭ সালের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার পুরোনো কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা। 

নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বর থাকবে। আর বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য রাখা হয়েছে ২০ নম্বর।

২০২৬ সালের ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১০০ করে, বাংলায় ৬০ এবং বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি ও সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তায় ৪০ নম্বর ছিল। সব মিলিয়ে ওই পরীক্ষার লিখিত অংশ ছিল ৩০০ নম্বরের।

তথ্যমতে, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হতো।

নতুন সিলেবাসে পরীক্ষার সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে ২০০ নম্বরের পরীক্ষার সিলেবাস প্রকাশ হওয়ায় ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের ভর্তি পরীক্ষা আড়াই ঘণ্টায় অনুষ্ঠিত হতে পারে।

সিলেবাস ও মানবন্টন দেখুন এখানে