২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৩

জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। ‎তিনি বলেন, ‘আমরা আগামী জানুয়ারির ১৭ তারিখ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি।’

‎বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপ-উপাচার্য বলেন, বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া কঠিন হতে পারে। এ জন্য যে সময়সীমা বা স্লট নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সেগুলো ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে এপ্রিল-মে মাসের আগে তা আয়োজন করা সম্ভব হবে না। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অনেকটা পিছিয়ে যাবে।

‎তিনি আরও বলেন, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রতিদিন একটি করে ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‎এর আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করেছিল জাবি প্রশাসন। এ লক্ষ্যে দেশের চারটি বিভাগীয় শহরে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। পৃথক চারটি বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য পরীক্ষা কেন্দ্র ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল।

‎তবে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের সময়সূচি ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষেও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টরা।