জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে। আর শেষ হবে ২৭ মার্চ।
প্রথমবারের মতো চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এবার। বিজ্ঞানের জন্য ‘এ’, মানবিকের জন্য ‘বি’, বাণিজ্যের জন্য ‘সি’ এবং আর্কিটেকচারের জন্য ‘ডি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।
ঘোষণা অনুযায়ী, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মার্চ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ‘এ’, ‘বি’ এবং ‘সি’—এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের দিন অনুষ্ঠিত হতো।
এবার ‘ডি’ ইউনিটের মাধ্যমে আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছের দুটি বিশ্ববিদ্যালয়ে (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আর্কিটেকচার বিষয়টি রয়েছে। এবার এটির জন্য আলাদা ইউনিটে এবং আলাদা সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একইদিনে (সকাল ও বিকেল) ‘এ’ ইউনিট ও আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হয়।