১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪২

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা  © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুনভাবে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে এবার।

ঘোষণা অনুযায়ী, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ, ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ভর্তি পরীক্ষা ২০ মার্চ, ২০২৭ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ, ২০২৭ অনুষ্ঠিত হবে। 

ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিএসটি গুচ্ছের এক সভায় এ তারিখ নির্ধারণ হয়। সভা শেষে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। এখন পর্যন্ত গত বছরের গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি। 

গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয় 
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

যুক্ত হওয়ার অপেক্ষায় আরও তিনটি
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি এখনো শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে থাকায় গুচ্ছে যুক্ত হলে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমও সমন্বিত পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।