মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। তবে, প্রাথমিকভাবে এ তারিখ চূড়ান্ত হলেও নির্ধারিত দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা—তা নির্ভর করছে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফল প্রকাশের সময়ের ওপর।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার জন্য দিন চূড়ান্ত করেছি। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে এইচএসসির ফলাফল সঠিক সময়ে প্রকাশের ওপর।
তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে কোনো কোনো অঞ্চলে এইচএসসি পরীক্ষা দেরিতে শেষ হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এই ফল প্রকাশ হতে পারে। এক্ষেত্রে যদি অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ হয়, তাহলে ৪ ডিসেম্বর আমরা পরীক্ষা নিতে পারব।
স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহে এইচএসসির ফলাফল প্রকাশ না হলে আমরা একটি টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হবে। কারণ আরও প্রায় এক মাস ফল পুনঃনীরিক্ষার সুযোগ থাকে শিক্ষার্থীদের। এমনটি হলে মেডিকেল ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে যাবে।
এ ছাড়া একইদিনে এমবিবিএস ও বিডিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রশ্ন ও নম্বর বণ্টনসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। সপ্তাহ-দুয়েকের মধ্যেই এসব চূড়ান্ত হবে।