০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

খুবির ‘ডি’ ইউনিটে নতুন নিয়মে হবে ভর্তি পরীক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। বিভাগভেদে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. রুমানা হক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন থাকবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকবে ইংরেজি, সাধারণ জ্ঞান ও হিসাববিজ্ঞান। আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশ্ন থাকবে।

অধ্যাপক ড. রুমানা হক বলেন, গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে বিভাগভিত্তিক সিলেবাস নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ের নম্বর বণ্টন (মার্ক ডিস্ট্রিবিউশন) পরবর্তীতে জানানো হবে।