জবিতে ভর্তির আবেদনের শর্ত প্রকাশ, কোন ইউনিটের পরীক্ষা কবে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।
রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের অফিস কনফারেন্স রুমে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।
পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। এবার সব ইউনিটের পরীক্ষা বিভাগীয় শহর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ইউনিটভেদে পরীক্ষার তারিখ
ইউনিট-A-এর পরীক্ষা হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ইউনিট-E-এর পরীক্ষা হবে ৮ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-B-এর পরীক্ষা হবে ১৫ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-C-এর পরীক্ষা হবে ২২ জানুয়ারি (শুক্রবার)। সর্বশেষ ইউনিট-D-এর পরীক্ষা হবে ২৩ জানুয়ারি (শনিবার)।
আবেদনকারীদের যোগ্যতা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A-এ আবেদনের ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
আরও পড়ুন: জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। এছাড়া সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়।
ক্লাস শুরু ৪ এপ্রিল
ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর তারিখও নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।