মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা কি এগিয়ে আসছে?
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে বাকি আর ৪ দিন। এইচএসসি পরীক্ষার পর মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই শুরু হয় মূল লড়াই— ভর্তিযুদ্ধ। বিগত কয়েক বছর ধরে প্রায় এক মাস করে এগিয়ে এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা। এ বছর আগের তুলনায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ফলে এইচএসসির প্রস্তুতির মধ্যেও মেডিকেলের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে কৌতুহলী বহু শিক্ষার্থী।
মেডিকেলের ভর্তি পরীক্ষার টাইমলাইন বিশ্লেষণ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর নভেম্বর মাসের মধ্যেই ২০২৬-২৭ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ নিয়ে প্রাথমিক পর্যায়ের কোনো আলোচনাও এখনও হয়নি বলে দাবি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
বিগত ৫ বছরের তথ্য বলছে, ২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। পরের সেশনে সেটি প্রায় ২০ দিন এগিয়ে আসে অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১০ মার্চ। একই ভাবে ২০২৩-২৪ সেশনে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি, ২০২৪-২৫ সেশনে ২০২৫ সালের ১৭ জানুয়ারি এবং সর্বশেষ ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই বছরের ১২ ডিসেম্বর।
এ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষার সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলেরও সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের এক থেকে দেড় বা সর্বোচ্চ দুই মাসের ব্যবধানে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২১-২২ সেশনে ১ মাস ১৬ দিন, ২০২২-২৩ সেশনে ১ মাস এবং সর্বশেষ ২০২৫-২৬ সেশনে ১ মাস ২৬ দিনের ব্যবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সেশনে এই ব্যবধান ছিল ২ মাস ১৪ দিন ও ৩ মাস ২ দিন।
আমরা ভর্তি পরীক্ষা নিয়ে অফিশিয়ালি কোনো আলোচনা করিনি। যদি সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশ হয়, তাহলে নভেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে। তবে এটি নিশ্চিত নয়— অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
তথ্য অনুযায়ী, গত বছর ২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। ওই বছরের ১০ আগস্ট এই পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার কথা থাকলেও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে কোনো কোনো এলাকায় এটি ১৯ আগস্ট শেষ হয়। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ওই বছরও দুই মাসের ব্যবধানে ১৬ অক্টোবর ফলাফল প্রকাশ হয়।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্ট পর্যন্ত চলবে প্রায়োগিক ও মৌখিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রেওয়াজ মেনে ৬০ দিন, অর্থাৎ ৮ অক্টোবরের মধ্যে এ বছরের এইচএসসির ফলাফল প্রকাশ হওয়ার কথা। তবে এর আগেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও এই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হিসেবে আরও প্রায় এক থেকে সর্বোচ্চ দুই মাসের ব্যবধান ধরলে আগামী নভেম্বরের মধ্যেই মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন: ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের চেষ্টা করে থাকে এই অধিদপ্তর। তবে এর আগে ভর্তি নীতিমালা চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে, যা করে প্রণয়ন করে চিকিৎসকদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ফলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একক আগ্রহই সব কিছু নিয়ন্ত্রণ করছে না।
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিগত কয়েক বছরের রেওয়াজ অনুযায়ী, এক থেকে দেড় বা দুই মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের এই রেওয়াজ অনুযায়ী, এ বছর নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজিত হবে।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা নিয়ে অফিশিয়ালি কোনো আলোচনা করিনি। যদি সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশ হয়, তাহলে নভেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে। তবে এটি নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘আমরা অনেক আলোচনাসাপেক্ষে পরীক্ষার তারিখ নির্ধারণ করি। যেহেতু এখনও এইচএসসি পরীক্ষা শেষ হয়নি, আমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রক্রিয়াও শুরু হয়নি। সেটি শুরু হলে শিক্ষার্থীরা জানতে পারবেন। আমরা এখন চাই শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় মনোযোগ দিক।’