গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ের ‘সাবজেক্ট চয়েস’ ফল প্রকাশ, ভর্তির নির্দেশনা জারি
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ের ‘সাবজেক্ট চয়েসের ফলাফল’ প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ জুন) মধ্যরাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় নির্দেশনাও জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টা থেকে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা ভর্তি ফি পরিশোধ করতে হবে।
এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের ২৩ জুন থেকে ২৪ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার সময় আবেদনকারীদের একটি A4 সাইজ খামে সব কাগজপত্র ভরে খামের ওপর GST রোল নম্বর লিখে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় মেরিট লিস্টে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে প্রাথমিক ভর্তি বাতিল করলেও পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর বিবেচিত হবেন না শিক্ষার্থীরা।
এদিকে মাইগ্রেশন প্রক্রিয়া চলমান থাকাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থায়ীভাবে (স্টপ মাইগ্রেশন) করলে তিনি আর স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে Migration Stop (Stop University Migration/Stop All Migration) করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ২২ জুন দুপুর ১২টা থেকে ২৪ জুন বিকাল ৩টা পর্যন্ত সময় পাবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।