ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে কত আবেদন পড়ল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন এখন পর্যন্ত জমা পড়েছে ৪৪ হাজার ৪৮১টি। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টা ৪৪ মিনিট পর্যন্ত এ আবেদনগুলো জমা পড়ে বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৫ হাজার ৭৬৪টি, ব্যবসায় শিক্ষায় ৭ হাজার ৭৪৬টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ২০ হাজার ৯৭১টি আবেদন পড়েছে।
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বুধবার (১০ জুন) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে নির্ধারণ করা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এই তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।