১৯ মে ২০২৬, ০৯:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একইদিন রাত ৯টা থেকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU<space>ATMP<space>Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বর্তমানে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত থাকলে তাকে আগামী ৮ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া রিলিজ স্লিপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রিলিজ স্লিপে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৯ মে থেকে ১০ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। ২ জুন থেকে ১১ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন: ধারেকাছেও নেই দুজন, শিক্ষায়-গবেষণায় ৭ জনই পিছিয়ে বিদায়ীদের চেয়ে

কলেজ কর্তৃপক্ষ ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। পরে ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে কলেজগুলোকে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

এছাড়া ২২ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট্রির কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে পেপার কোড এন্ট্রি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।