ফেল করা সাড়ে ৯২ শতাংশ কী পড়াশোনা করেছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার এবার সায়েন্স গ্রুপ থেকে মাত্র সাড়ে ৭ শতাংশ পাস করেছে। চিন্তা করা যায়? দেশের সর্বোচ্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাত্র সাড়ে ৭ শতাংশ পাস করেছে।
আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত দেশের শিক্ষা সংস্কার নিয়ে গবেষণাভিত্তিক ও নীতিনির্ধারণমুখী গ্রন্থ ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় প্রশ্ন রেখে বলেন, বাকি সাড়ে ৯২ শতাংশ তাহলে কী পড়াশোনা করেছে? এর জবাব কে দেবে? ওখানে যে বিনিয়োগ হয়েছে তার ‘রেট অব রিটার্ন’ কী হবে? তাদের থেকে আমরা কী পাবো? চিন্তা করতে পারেন?
মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। এ সময় বইটি নিয়ে আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার। এ সময় বইয়ের লেখক ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।