০৩ মে ২০২৬, ২৩:১৬

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের লোগো   © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (৩ মে) এ ফল প্রকাশিত হয়।  ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.dot.gov.bd) এবং সংশ্লিষ্ট কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে।

প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিও জমা দিতে হবে। ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা ব্যাংক বা নগদের মাধ্যমে জমা দিয়ে রশিদ প্রদর্শন সাপেক্ষে রেজিস্ট্রারের কাছ থেকে ভর্তি ফরম ও অঙ্গীকারনামা সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে।

এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত চিকিৎসকের স্বাস্থ্য সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। সংরক্ষিত কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা পার্বত্য জেলার ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের সনদপত্রের মূল কপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে কলেজ পরিবর্তন বা মাইগ্রেশনের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা নির্ধারণ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনের জন্য ৪ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট কলেজে পরিশোধ করতে হবে। তৃতীয় ও পরবর্তী মাইগ্রেশনের ক্ষেত্রে ভর্তির সমপরিমাণ অর্থ প্রদান করে নতুন কলেজে ভর্তি হতে হবে।

ভর্তির আবেদনের সময় টেলিটকের মাধ্যমে দেওয়া কলেজ পছন্দক্রমই চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং এর ভিত্তিতেই শিক্ষার্থীদের আসন বরাদ্দ ও মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।