০৩ মে ২০২৬, ১৯:২৪

ফল দেখতে পারছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো ভর্তিচ্ছু, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৩ মে) দুপুরে ফল প্রকাশের পরপরই ভর্তির ওয়েবসাইটে (http://admission.nu.edu.bd/) প্রবেশ করতে পারছেন না অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলাফল দেখতে না পেরে ভোগান্তিতে পড়ছেন তারা।

জানতে চাইলে সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা ওয়েবসাইটের সার্ভারের কোনো সমস্যা নয়। মোট সাড়ে ৪ লাখ শিক্ষার্থী রয়েছে এবার।

‘‘তাদের একটি বড় অংশ ভর্তির ওয়েবসাইটে একসঙ্গে প্রবেশের চেষ্টা করছেন। তাই অনেকেই পারছেন, আবার অনেকেই পারছেন না। আমরা বিষয়টি মনিটরিংয়ে রেখেছি। আশা করি, রাত ১০টার পর ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাবে।’’ তাছাড়া মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখা যাচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, ভর্তির ওয়েবসাইটে অতিরিক্ত ইউজার হিট (প্রবেশ) করলে একসঙ্গে ওভারলোড হয়ে যায়। সর্বোচ্চ ১০ হাজার একসঙ্গে প্রবেশ করতে পারে। হয়তো এরচেয়ে বেশি প্রবেশের চেষ্টার কারণে আনকেই পারছেন না। এটা নতুন না। এর আগেও ফল প্রকাশের সময় এটা হতো। 

ভর্তিচ্ছুতের দুশ্চিন্তা না করতে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ৫ মে থেকে ১৭ জুন মধ্যে সংগ্রহ করতে হবে। ফল প্রকাশের পর আমরা মাঝখানে দুদিন সময় দিয়েছি যাতে তারা সময় নিতে পারেন। ফলাফল দেখতে পারেন।

এদিকে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। প্রকাশিত ফল অনুযায়ী, এবার ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। বিভাগভিত্তিক হিসেবে মানবিক থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী তালিকায় রয়েছে। গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মাত্র এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে।

তবে ফল প্রকাশের পর থেকেই ভর্তি বিষয়ক ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থীরা। অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইট ধীরগতির হয়ে পড়েছে, অনেক ক্ষেত্রে সার্ভার ডাউন থাকায় বারবার চেষ্টা করেও ফল দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকলেও অনেক শিক্ষার্থী জানিয়েছেন, সেখানেও দেরি হচ্ছে। ফলে ফল প্রকাশিত হলেও কার্যত বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো তাদের ফলাফল জানতে পারেনি।

এ বিষয়ে সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দুপুর থেকে ফলাফল দেখার জন্য ফোন হাতে নিয়ে বসে আছি। আমার ফোন দিয়ে সার্ভারে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। জানি না আমার রেজাল্ট কেমন হলো।

শেরপুর সরকারি কলেজ গেটের সামনে কম্পিউটার দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, তারা ওয়েবসাইটে প্রবেশ করছেন কিন্তু ফলাফলের সার্ভার ডাউন।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু বলেন, আমার বোনের ফলাফল দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু কোনোভাবেই সার্ভারে প্রবেশ করতে পারছি না।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে
ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।