০৩ মে ২০২৬, ১৫:০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে। রবিবার (৩ মে) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে। একই সঙ্গে ওয়েবসাইটের Honour’s ট্যাবে গিয়ে Admission Test Result অপশনে ফলাফল দেখা যাচ্ছে। প্রকাশিত প্রথম মেধাতালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষার্থীদের ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ৬ মে থেকে ১৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ ফরম জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ৬ মে থেকে ১৯ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। কোনো তথ্য বা ছবিতে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১৩ মের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া শিক্ষার্থীরা চাইলে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময় বিষয় পরিবর্তনের জন্য নির্ধারিত অপশনে সম্মতি জানাতে পারবে। মেধা ও শূন্য আসনের ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।

উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ জুন থেকে শুরু হবে।