‘জিপিএ নয়, স্বপ্ন পূরণের সবচেয়ে বড় হাতিয়ার আত্মবিশ্বাস ও অদম্য পরিশ্রম’
প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখেন লাখো শিক্ষার্থী। অথচ কাঙ্ক্ষিত জিপিএ বা ফলাফল না পাওয়ায় হতাশায় ভুগেন এসব শিক্ষার্থীরা। জিপিএ-৫ না পেয়েও নিজের লক্ষ্য, অধ্যবসায় ও প্রস্তুতির সঠিক কৌশল জানসা থাকলে দেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেওয়া যায়; তার জন্য প্রয়োজন নিজের ওপর আত্মবিশ্বাস ও অদম্য পরিশ্রম।
আরও পড়ুন: পড়াশোনা ঘণ্টার ফ্রেমে বন্দি নয়, টার্গেট থাকা উচিত টপিক শেষ করা—চবিতে ভর্তিচ্ছুদের পরামর্শ আরাফাতের
এবছরের এইচএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থীরই প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। প্রতিবছরের তুলনায় জিপিএ-৫ সহ পাশের সংখ্যাও অনেক কমেছে এবার। ফলে অনেকের মনে হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে—আর এমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটি নির্দিষ্ট ন্যূনতম জিপিএ’র শর্ত পূরণ করার পর মূল লড়াইটা হয় ভর্তি পরীক্ষার খাতায়; সেখানে ফলাফলের চেয়েও বেশি জরুরি হলো উপস্থিত বুদ্ধি, নির্ভুল উত্তর দেওয়ার সক্ষমতা এবং মানসিক স্থিতি।
আমার নিজের কথাই বলি। আমার এসএসসি জিপিএ ৪.৩৩ এবং এইচএসসি জিপিএ ৪.২৫ ছিল। কোনোটিতেই জিপিএ-৫ ছিল না। একসময় আমারও মনে হয়েছিল, হয়তো ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করিনি। আমার লক্ষ্য ছিল বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে মানে করতেই হবে। আলহামদুলিল্লাহ, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার এই অভিজ্ঞতা থেকে আগামীতে ভর্তিচ্ছুদের বলতে চাই, জিপিএ কম হওয়া মানেই জীবনে পিছিয়ে পড়া নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, লক্ষ্য স্থির রাখো এবং সেই লক্ষ্য পূরণে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও।
প্রশ্নব্যাংক ও নির্দিষ্ট বই পড়া
বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে তোমরা পরীক্ষা দিবে, সেই ইউনিটের জন্য যেকোনো প্রকাশনীর একটি প্রশ্নব্যাংক ভালো করে সমাধান করবে ব্যাখ্যা সহ। এভাবে মনোযোগ দিয়ে শেষ করলে তোমার প্রস্তুতি অনেকাংশই হয়ে যাবে। প্রশ্নব্যাংক সমাধানের সময় কেবল সঠিক উত্তরটি মুখস্থ না করে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল অপশনগুলোর পেছনের যুক্তি ও ব্যাখ্যা বুঝতে হবে, যাতে ওই টপিক থেকে ঘুরিয়ে প্রশ্ন এলেও উত্তর করা যায়।
বাজারে নতুন নতুন অনেক বই বা গাইড বের হয়, কিন্তু সেগুলোর পেছনে ছোটার দরকার নেই। যেকোনো এক সেট বই ভালোভাবে পড়াই একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যথেষ্ট। একাধিক বই বা অতিরিক্ত রেফারেন্সে হাত বাড়ালে তথ্যের চাপে মূল বিষয়গুলো গুলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই নিজের নির্বাচিত বইগুলোকেই বারবার পড়তে থাকো এবং সেগুলোর ওপর পূর্ণ দখল আনয়নের চেষ্টা করতে হবে।
শেষ সময়ে যেসব বিষয়ে গুরুত্ব দেবে
ভর্তি পরীক্ষার শেষ সময়টাতে পুরো সিলেবাস নতুন করে গুছিয়ে নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো ঝালিয়ে নেওয়া ও নির্ভুলভাবে মনে রাখা বেশি জরুরি। নিচে শেষ সময়ের প্রস্তুতির প্রধান দিকগুলো তুলে ধরা হলো।
বাংলা: বাংলা ব্যাকরণ, সাহিত্য এবং গুরুত্বপূর্ণ লেখক-সাহিত্যিকদের পরিচিতি বারবার পড়তে হবে। মূল পাঠ্যবইয়ের পাশাপাশি নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে যেসব গ্রামারের টপিক রয়েছে, সেগুলোর উদাহরণ অবশ্যই পড়তে হবে। অনেক সময় এসব উদাহরণ থেকেই হুবহু প্রশ্ন কমন পড়ে। পাশাপাশি লেখক-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু, উল্লেখযোগ্য রচনা, ছদ্মনাম, উপাধি ও বিশেষ তথ্যগুলো ছক বা নোট করে রিভিশন দিলে মনে রাখা সহজ হয়।
ইংরেজি: Vocabulary, Synonym-Antonym, Appropriate Preposition, Right forms of verb, Narration, Voice change এবং Grammar-এর গুরুত্বপূর্ণ অংশগুলো ভালোভাবে রিভিশন দিতে হবে। এগুলোর প্রস্তুতির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্ন শেষ করতে হবে। এরপর অবশ্যই ১০ম বিসিএস থেকে বর্তমান বিসিএস পর্যন্ত আসা প্রশ্নগুলো সমাধান করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিসিএসের প্রশ্ন রিপিট বা অনুরূপ কাঠামোতে প্রশ্ন আসার প্রবণতা বেশ দেখা যায়।
সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ইতিহাস, সংবিধান এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পড়তে হবে। এক্ষেত্রে ১০ম বিসিএস থেকে বর্তমান বিসিএসের আগ পর্যন্ত প্রশ্নগুলো শেষ করা অত্যন্ত কার্যকর। পাশাপাশি সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো বেশি আলোচিত—যেমন ইরান-আমেরিকার উত্তেজনা বা সংঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি—এসবের পটভূমি, চলমান অবস্থা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
মডেল টেস্ট ও ভুল বিশ্লেষণ: নিয়মিত মডেল টেস্ট দিতে হবে এবং প্রতিটি পরীক্ষার ভুলগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। কোন টপিক বা কোন ধরনের প্রশ্নে বারবার ভুল হচ্ছে, তা চিহ্নিত করে আলাদা করে লিখে রাখলে এবং সংশোধন করলে পরীক্ষার হলে ভুল করার হার অনেক কমে যায়।
রিভিশন: যেসব টপিক আগে পড়েছো, সেগুলো বারবার রিভিশন দিতে হবে। শেষ সময়ে অতিরিক্ত তথ্যের চাপে পরিচিত বিষয়গুলো যেন ভুলে না যাও, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। অল্প পড়ো, কিন্তু এমনভাবে পড়ো যাতে পরীক্ষায় এলে সহজেই মনে পড়ে।
টাইম ম্যানেজমেন্ট: পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্ন দেখা এবং ওএমআর (OMR) পূরণ করার অভ্যাস তৈরি করতে এখন থেকেই সময় ধরে ধরে নিজে নিজেই এক্সাম দাও। নিয়মিত প্র্যাক্টিস করলেই পরীক্ষার হলে সময় নিয়ে চাপ তৈরি হবে না।
অন্যের সাথে নিজেকে তুলনা না করে, নিজের সর্বোচ্চটা দিতে হবে
সবশেষে একটি কথাই বলব—অন্যের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা করে হতাশ হয়ো না। কে কত ঘণ্টা পড়ছে, কে কোচিং বা মডেল টেস্টে কত নম্বর পাচ্ছে, সেদিকে না তাকিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকের শেখার গতি ও প্রস্তুতির ধরন আলাদা; তাই নিজের সীমাবদ্ধতা ও সামর্থ্য বুঝে এগোতে হবে।
পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তির দিকেও খেয়াল রেখো। রাত জেগে মাত্রাতিরিক্ত চাপ নিলে পরদিন মনোযোগ ও স্মরণশক্তি কমে যেতে পারে। তুমি যে ধর্মেরই হও না কেন, ধর্মীয় অনুশাসন মেনে চলো। ইসলাম ধর্মের হলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো—দেখবে কাজের মধ্যে ও সময়ের মধ্যে অটোমেটিক বরকত চলে আসবে এবং মানসিক স্থিরতাও তৈরি হবে।
মনে রেখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই প্রতিযোগিতা জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। একটি জিপিএ তোমার স্বপ্নের চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিতে পারে না। আমি যদি নিজের সীমাবদ্ধতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারি, তাহলে তোমাদের মধ্য থেকেও অনেকেই নিজেদের স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবে। নিজের ওপর বিশ্বাস রাখো, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাও। তোমাদের স্বপ্ন পূরণ হবেই হবে, ইনশাআল্লাহ।
লেখক, মাযহারুল ইসলাম
৩য় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।