মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই সাফল্য মিলবে
বাইরে রিমিঝিম বৃষ্টি। জানালার কাচ বেয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। হাতে এক কাপ চা। এমন বৃষ্টিভেজা বিকেলে মানুষের নিজের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, পুরোনো স্বপ্নগুলোকে একটু ঝেড়ে-মুছে দেখতে ইচ্ছে করে। ভাবলাম, আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু স্বপ্নবাজ শিক্ষার্থীদের সঙ্গেও একটু গল্প করা যাক।
আপনারা ছোটবেলায় বিজ্ঞান বইয়ে আতশকাচের কথা পড়েছেন নিশ্চয়ই? এক টুকরো কাগজ, একটা আতশকাচ আর এক চিলতে রোদ। আতশকাচটি কাগজের ওপর ধরে একটু এদিক-সেদিক সরিয়ে দেখুন। সূর্যের আলো যখন ছড়িয়ে থাকে, তখন কিছুই হয় না। কিন্তু সেই আলো যখন একটি ছোট্ট বিন্দুতে এসে মিলে যায়, তখনই কাগজে ধোঁয়া উঠতে শুরু করে। একসময় আগুন জ্বলে ওঠে।
অথচ সূর্য তো একই ছিল। আলোও একই ছিল। শুধু বদলে গিয়েছিল আলোর অবস্থান। ছড়িয়ে থাকা আলো আর এক জায়গায় কেন্দ্রীভূত হওয়া আলোর মধ্যে পার্থক্যটা এখানেই।
মানুষের জীবনটাও অনেকটা এমন। আপনার মেধা আছে, সামর্থ্য আছে। হয়তো নিজের ভেতরের অনেক সম্ভাবনা এখনো আপনি আবিষ্কারই করতে পারেননি। কিন্তু প্রতিদিন যদি সেই সময়টুকু একটু ফেসবুক, একটু ইউটিউব, একটু অপ্রয়োজনীয় আড্ডা আর অন্যের জীবনের খোঁজখবর নেওয়ার পেছনে ব্যয় করেন, তাহলে দিন শেষে ক্লান্তি আসবে, কিন্তু অর্জন খুব একটা হবে না।
একবার নিজের দিকে তাকান তো! পড়তে বসে সত্যিই কি পড়েন? নাকি বইয়ের সামনে বসে থেকেও মন পড়ে থাকে অন্য কোথাও? একটা অধ্যায় শেষ করার আগেই অন্য কারও প্রস্তুতির খবর নিতে ইচ্ছে করে না? অন্যের সাফল্যের গল্প দেখে নিজের প্রস্তুতি নিয়ে সংশয় তৈরি হয় না?
কখনো কি এমন হয়েছে, সারাদিন অনেক ব্যস্ত ছিলেন, অথচ রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হয়েছে, আজ আসলে কিছুই করা হলো না? সমস্যাটা হয়তো আপনার মেধায় নয়। সমস্যাটা হলো, আপনার মনোযোগটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে।
পৃথিবীর সব খবর আপনাকে রাখতে হবে না। সব আলোচনায় অংশ নিতে হবে না। প্রতিটি নোটিফিকেশনে রেসপন্স করার প্রয়োজন নেই। আপনার বন্ধু কোথায় ঘুরতে গেল, কে কী অর্জন করল, কে কতদূর এগিয়ে গেল—এসবের হিসাব রাখতে গিয়ে নিজের জীবনের হিসাবটাই যেন হারিয়ে না ফেলেন।
মনে রাখবেন, আপনি একই সময়ে সবার জীবনের দর্শক হতে গিয়ে নিজের জীবনের প্রধান চরিত্র হওয়ার সুযোগটা হারিয়ে ফেলবেন না।
আপনার লক্ষ্য যদি বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে চান্স পাওয়া তাহলে কিছুদিন নিজের পৃথিবীটাকে একটু ছোট করে আনুন। আপনার পৃথিবী হোক বই, পড়ার টেবিল আর নিজের প্রস্তুতিকে ঘিরে। প্রতিদিন হয়তো অসাধারণ কিছু করতে পারবেন না। কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে পারবেন।
আর ফোকাসড থাকার অর্থ এই নয় যে সারাক্ষণ বইয়ের সামনে বসে থাকতে হবে। বরং যখন পড়বেন, মন দিয়ে পড়বেন। যখন বিশ্রাম নেবেন, নিশ্চিন্তে বিশ্রাম নেবেন। নিজের সময়টুকু নিজের মতো করে কাজে লাগাতে শিখুন।
একটা কথা মনে রাখবেন, আতশকাচের কাজ সূর্যের আলো তৈরি করা নয়। আলোকে সঠিক জায়গায় কেন্দ্রীভূত করা। আপনার কাজটাও অনেকটা তেমন। নতুন করে মেধা খুঁজে বের করার প্রয়োজন নেই। আপনার ভেতরে যে সামর্থ্য আছে, সেটুকু সঠিক জায়গায় কাজে লাগাতে শিখুন।
লেখক
মুহম্মদ সজীব প্রধান
প্রতিষ্ঠাতা, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার প্লানেট