২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭

ভর্তি পরীক্ষায় বাংলায় ভালো করার কৌশল, প্রথম পত্র-দ্বিতীয় পত্রের প্রস্তুতি যেভাবে নেবেন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ে অনেক শিক্ষার্থী ইংরেজির প্রস্তুতিতে বেশি সময় দিলেও বাংলা ও সাধারণ জ্ঞানে তুলনামূলক কম গুরুত্ব দেয়। অথচ  মেধাতালিকায় শুরুর দিকে স্থান পেতে প্রতিটা বিষয়ের প্রতি সমান গুরুত্ব দেওয়া উচিত। তবে যারা যে বিষয়ে তুলনামূলক দুর্বল তাদের সেদিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি পুরো প্রস্তুতিই সমানভাবে ঝালিয়ে নিতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ভালো নম্বর পাওয়া মেধাতালিকায় এগিয়ে থাকতে বেশ বড় ভূমিকা রাখে।

বাংলা বিষয়ে ভালো করতে হলে পাঠ্যবই পড়ার পাশাপাশি ব্যাকরণসহ সাহিত্য অংশেও গুরুত্ব দিতে হবে। ব্যাকরণের নিয়ম বুঝে অনুশীলন, কবি-সাহিত্যিকদের রচনা সম্পর্কে পরিষ্কার ধারণা এবং নিয়মিত বিগত বছরের প্রশ্ন সমাধান এর সবগুলোর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ে বাংলা অংশে কী ধরনের প্রশ্ন আসে, কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং পরীক্ষার হলে কীভাবে সময় কাজে লাগাতে হবে, সেসব বিষয়েও প্রস্তুতি থাকা জরুরি।

বাংলায় প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি

প্রথমে বুঝতে হবে, কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে
বাংলা প্রস্তুতির ক্ষেত্রে প্রথম কাজ হলো আপনি যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন আপনাকে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন বুঝতে হবে। কারণ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা অংশের প্রশ্ন এক রকম নয়। একেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একেকরকম হয়ে থাকে। কোথাও গদ্য আবার কোথাও পদ্য অংশের প্রতি গুরুত্ব দে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে  কোথাও বহুনির্বাচনি প্রশ্নের (এমসিকিউ) গুরুত্ব বেশি, আবার কোথাও লিখিত পরীক্ষায় ভালো করার প্রয়োজন হয়।

ঢাকা, জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে বাংলা সাহিত্যের ইতিহাস, পাঠ্যবইয়ের গদ্য-পদ্য, লেখক পরিচিতি এবং ব্যাকরণ থেকে প্রশ্ন আসার বিষয়টি দেখা যায়। তবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন অংশের গুরুত্ব বেশি, তা জানতে ওই ইউনিটের প্রশ্নের ধরন অনুসরণ করতে হবে।

বাংলা প্রথম পত্রের পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় পড়তে হবে
ভর্তি পরীক্ষায় বাংলায় ভালো করার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পাঠ্যবইকে বেশ গুরুত্ব দিতে হবে। অনেক শিক্ষার্থী শুধু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে প্রস্তুতি শেষ করতে চান। কিন্তু এভাবে পড়লে কিছু প্রশ্ন আসে যেগুলোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।

গদ্য ও পদ্য পড়ার সময় শুধু মূল বিষয়বস্তু জানলেই হবে না। প্রতিটি লেখার সঙ্গে সংশ্লিষ্ট লেখক, রচনার পটভূমি, চরিত্র, গুরুত্বপূর্ণ উক্তি, শব্দার্থ এবং প্রকাশকাল সম্পর্কেও ধারণা রাখতে হবে।

বিশেষ করে লেখক ও কবি পরিচিতি, রচনার মূল বক্তব্য, লেখকের উদ্দেশ্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, কাব্যগ্রন্থ ও প্রবন্ধের নাম, শব্দার্থ ও টীকা ইত্যাদি ভালো একটি কৌশল হতে পারে। এর জন্য একটি কার্যকর কৌশল হলো, প্রতিটি অধ্যায় পড়ার পর সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন তৈরি করা। যেমন; কোন লেখাটি কে লিখেছেন, কোন রচনার প্রধান চরিত্র কে, কোন পঙ্‌ক্তিটি কোন কবিতার এবং লেখকের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কী কী? এতে করে একই বিষয় বারবার পড়ার পাশাপাশি প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতিও হয়ে যাবে। 

বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণে নিয়ম বুঝে অনুশীলন
বাংলা ব্যাকরণে অনেক শিক্ষার্থী মুখস্থনির্ভর প্রস্তুতি নেন। কিন্তু ভর্তি পরীক্ষায় ব্যাকরণের নিয়মের প্রয়োগ বুঝতে না পারলে নতুন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটা খুব ভালোভাবে অনুসরণ করতে হবে। ব্যাকরণে সন্ধিবিচ্ছেদ, সমাস নির্ণয়, কারক ও বিভক্তি, উপসর্গ ও প্রত্যয়, ধ্বনি ও বর্ণ, শব্দের শ্রেণিবিভাগ ও পদ প্রকরণ, বাক্য প্রকরণ ও বাক্য সংশোধন, শুদ্ধ বানান ও বাক্যশুদ্ধি, বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, সমার্থক ও বিপরীত শব্দ, এককথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ ও শব্দের উৎপত্তি বিষয়গুলো বুঝে পড়তে হবে।

তবে শুধু এই তালিকার বিষয়গুলো পড়লেই প্রস্তুতি সম্পূর্ণ হবে না। বিশ্ববিদ্যালয়ভেদে প্রশ্নের পরিধি আলাদা হতে পারে। তাই ব্যাকরণের প্রতিটি অধ্যায় থেকে নিয়ম বোঝার পর উদাহরণসহ প্রশ্ন সমাধান করতে হবে। বিশেষ করে যে নিয়মগুলোতে বারবার ভুল হচ্ছে, সেগুলো আলাদা খাতায় লিখে রাখতে হবে। প্রতিদিন পড়া শুরুর আগে সেই খাতায় চোখ বুলিয়ে নিলে ভুলের পুনরাবৃত্তি কমানো সম্ভব।

শুধু পড়লে হবে না, মনে রাখার অনুশীলনও করতে হবে
বাংলা সাহিত্যের অনেক তথ্য একসঙ্গে পড়লে মনে রাখা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা কমাতে কয়েকটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

তথ্য ভাগ করে পড়ুন: সব কবি-সাহিত্যিকের তথ্য একসঙ্গে মুখস্থ না করে প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগ অনুযায়ী ভাগ করুন। একইভাবে উপন্যাস, নাটক, কবিতা ও ছোটগল্পের লেখকদের আলাদা তালিকা তৈরি করুন।

নিজেকে প্রশ্ন করুন: কোনো অধ্যায় পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন।

নিয়মিত পুনরায় পড়ুন: আজ যে বিষয় পড়বেন, পরদিন সেটি আবার দেখুন। এরপর কয়েক দিন পর এবং এক সপ্তাহ পর আবার নিজেকে যাচাই করুন।

ভুলের খাতা তৈরি করুন: অনুশীলন করতে গিয়ে যেসব প্রশ্নের উত্তর ভুল হচ্ছে, সেগুলো লিখে রাখুন। পরীক্ষার আগে পুরো বই নতুন করে পড়ার পরিবর্তে এই ভুলগুলোও বারবার দেখে নিতে পারবেন।

লিখিত পরীক্ষার জন্য প্রতিদিন লেখার অভ্যাস তৈরি করুন
যেসব বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা রয়েছে, সেসব পরীক্ষার্থীর জন্য শুধু পড়া যথেষ্ট নয়। নিজের ভাষায় গুছিয়ে উত্তর লেখার দক্ষতাও তৈরি করতে হবে। প্রতিদিন বিষয়ভিত্তিক লেখার চর্চা করতে হবে। লেখার সময় অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার কমিয়ে কম শব্দে বাক্যের অর্থ বোঝানোর  পরিহার করতে হবে। উত্তর যেন প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং বক্তব্যগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

নিয়মিত মডেল টেস্ট ও সময় ব্যবস্থাপনা
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে মডেল টেস্টের বিকল্প নেই। অনেক শিক্ষার্থী বাসায় ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করলেও পরীক্ষার হলে সময়ের অভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারেন না। এর অন্যতম কারণ পরীক্ষার পরিবেশে অনুশীলনের অভাব।

তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন নির্দিষ্ট সময় ধরে বাংলা বিষয়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস করা যেতে পারে। পরীক্ষার সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন, নম্বর বণ্টন ও সময়সীমা অনুসরণ করতে হবে।

মনে রাখতে হবে কতটুকু পড়া হলো সেটি ‍গুরুত্বপূর্ণ নয়, পড়ার বিষয় থেকে কতটুকু সঠিকভাবে মনে রাখা যাচ্ছে এবং পরীক্ষার হলে কত দ্রুত ও নির্ভুলভাবে উত্তর দেওয়া যাচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।