ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে যে ৫ ভুলে পিছিয়ে পড়তে পারেন
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ সময় ভালো ফলের আশায় অনেকেই দীর্ঘ সময় পড়াশোনা করেন। তবে শুধু বেশি সময় পড়লেই যে প্রস্তুতি ভালো হবে, এমন নয়। পড়ার সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন, নিজের দুর্বলতা চিহ্নিত করা এবং মানসিক চাপ সামলানোর ওপরও নির্ভর করে পরীক্ষার প্রস্তুতি। অনেক সময় কিছু সাধারণ ভুলের কারণে পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তাই ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় যেসব ভুল এড়িয়ে চলা জরুরি, সেগুলো জেনে নেওয়া যাক।
১. পরিকল্পনা ছাড়া পড়াশোনা
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করলেও সিলেবাস শেষ করার নির্দিষ্ট পরিকল্পনা করেন না। কোন বিষয় কখন পড়বেন, কোন অধ্যায় কত দিনে শেষ করবেন কিংবা কখন পুনরাবৃত্তি করবেন এসব ঠিক না থাকায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অসম্পূর্ণ থেকে যায়। অনেকে কঠিন অধ্যায়গুলো পরে পড়ার জন্য রেখে দেন। কিন্তু একসময় দেখা যায়, পরীক্ষার তারিখ চলে এসেছে, অথচ সিলেবাসের একটি বড় অংশ এখনো বাকি।
এ সমস্যা এড়াতে পুরো সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করে দৈনিক ও সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। যেমন, শুধু আজ পদার্থবিজ্ঞান পড়বেন এমন লক্ষ্য না রেখে নির্দিষ্ট দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক শেষ করা এবং ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন সমাধানের লক্ষ্য ঠিক করতে পারেন। তবে পরিকল্পনা বাস্তবসম্মত হতে হবে, যাতে ব্যস্ততার মধ্যেও তা অনুসরণ করা সম্ভব হয়।
২. শুধু পড়ায় সীমাবদ্ধ থাকা, অনুশীলন না করা
ভর্তি পরীক্ষায় ভালো করতে বই, নোট ও সাজেশন পড়ার পাশাপাশি নিয়মিত প্রশ্ন সমাধান করা জরুরি। কোনো অধ্যায় কয়েকবার পড়লে সেটি আয়ত্তে এসেছে বলে মনে হতে পারে। কিন্তু পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই বুঝতে পারেন, বিষয়টি আসলে কতটা ভালোভাবে শেখা হয়েছে।
তাই প্রতিটি অধ্যায় পড়ার পরই সংশ্লিষ্ট প্রশ্ন সমাধানের অভ্যাস করতে হবে। বিশেষ করে বিগত বছরের প্রশ্ন, প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট নিয়মিত অনুশীলন করা প্রয়োজন। অনুশীলনের সময় কোন বিষয়ে বেশি ভুল হচ্ছে, কোন প্রশ্ন সমাধানে বেশি সময় লাগছে এবং কোন টপিক এখনো দুর্বল সেগুলো চিহ্নিত করতে হবে। শুধু সঠিক উত্তর মেলানো নয়, ভুলের কারণ খুঁজে বের করাও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।
৩. না বুঝে উত্তর ও সূত্র মুখস্থ করা
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেক শিক্ষার্থী দ্রুত সিলেবাস শেষ করার জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর, সূত্র ও তথ্য মুখস্থ করেন। এতে পরিচিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলেও প্রশ্নের ধরন পরিবর্তন হলে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতের মতো বিষয়ে শুধু সূত্র মুখস্থ করলে ভালো করা কঠিন। কোন সূত্র কোথায় এবং কীভাবে প্রয়োগ করতে হয়, তা বুঝতে হবে।
একইভাবে জীববিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়া ও বৈশিষ্ট্যও না বুঝে মুখস্থ না করে বিষয়গুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে পড়া উচিত। কোনো প্রশ্নের সমাধান দেখার আগে নিজে চেষ্টা করতে হবে। ভুল হলে সমাধানটি দেখে কেন ভুল হয়েছে, তা বুঝে নিতে হবে। এতে একই ধারণা থেকে ভিন্ন ধরনের প্রশ্ন এলেও উত্তর করা সহজ হবে।
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদের চেয়ে এগিয়ে রাখবে আপনাকে
৪. অন্যের সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা
ভর্তি পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী বন্ধু বা সহপাঠীদের প্রস্তুতির অগ্রগতি দেখে নিজের সঙ্গে তুলনা করতে শুরু করেন। কে কত ঘণ্টা পড়ছে, কার মডেল টেস্টে কত নম্বর আসছে কিংবা কে কত দ্রুত সিলেবাস শেষ করেছে এসব নিয়ে অতিরিক্ত চিন্তা নিজের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে।
মনে রাখতে হবে, প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রস্তুতির ধরন ও দুর্বলতা আলাদা। কারও জন্য যে রুটিন কার্যকর, অন্যের জন্য সেটি উপযোগী নাও হতে পারে। তাই অন্যের প্রস্তুতি দেখে উদ্বিগ্ন না হয়ে নিজের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোর উন্নতিতে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে নিজের অগ্রগতি নিজেই মূল্যায়ন করা ভালো। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ভুল কম হচ্ছে কি না, পরীক্ষায় নম্বর বাড়ছে কি না কিংবা আগের চেয়ে কম সময়ে প্রশ্ন সমাধান করা যাচ্ছে কি না এসব বিষয় বিবেচনায় রাখতে হবে।
৫. অতিরিক্ত প্রত্যাশা ও মানসিক চাপকে প্রাধান্য দেওয়া
ভর্তি পরীক্ষার সময় পরিবার, বন্ধু ও পরিচিতজনদের প্রত্যাশা অনেক শিক্ষার্থীর ওপর বাড়তি চাপ তৈরি করে। ভালো ফল করতেই হবে, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে এমন চিন্তা অনেক সময় পড়াশোনার মনোযোগ নষ্ট করে দেয়। অতিরিক্ত প্রত্যাশার চাপে অনেকে নিজের প্রস্তুতির চেয়ে ফলাফল নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন। এতে উদ্বেগ বাড়ে এবং স্বাভাবিক পড়াশোনাও ব্যাহত হতে পারে। তাই অন্যের প্রত্যাশার পরিবর্তে নিজের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা জরুরি।
প্রতিদিনের পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও দুর্বলতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দিতে হবে। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং মানসিক প্রশান্তির জন্যও সময় রাখা প্রয়োজন। কারণ দীর্ঘ সময় পড়ার পাশাপাশি সুস্থ ও স্থির মনোযোগ ধরে রাখাও ভালো প্রস্তুতির অংশ।
ভর্তি পরীক্ষায় সাফল্য শুধু কত ঘণ্টা পড়াশোনা করা হয়েছে, তার ওপর নির্ভর করে না; বরং কীভাবে পড়াশোনা করা হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। তাই পরিকল্পনাহীন পড়াশোনা, অনুশীলনের অভাব, না বুঝে মুখস্থ করা, অন্যের সঙ্গে তুলনা এবং অতিরিক্ত প্রত্যাশার চাপ এই পাঁচটি বিষয় এড়িয়ে চলতে হবে।