২১ নভেম্বর ২০২৬, ০৮:১২

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে যে কৌশল অনুসরণ করবেন

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে। সব মিলিয়ে ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৩ হাজার ৭৯৫টি।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে হলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পরিকল্পিতভাবে এগোনো জরুরি। এ ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করা এবং বিষয়ভিত্তিক অনুশীলনের বিকল্প নেই। বিশেষ করে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও ইংরেজিতে কোন ধরনের প্রশ্ন বেশি আসে, তা বুঝে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে।

বিগত বছরের প্রশ্ন সমাধান
ভর্তি পরীক্ষায় ভালো করার অন্যতম কার্যকর উপায় হলো বিগত বছরের প্রশ্ন ভালোভাবে অনুশীলন করা। অন্তত পাঁচ বছরের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করা উচিত। এতে প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ অধ্যায় এবং কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই প্রশ্ন হুবহু না এলেও আগের বছরের প্রশ্নের ধরন ও বিষয়বস্তু থেকে মিল পাওয়া প্রশ্ন আসতে পারে। তাই শুধু প্রশ্নের উত্তর মুখস্থ না করে সংশ্লিষ্ট অধ্যায়গুলোও মূল বই থেকে পড়ে নিতে হবে।

জীববিজ্ঞান
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান মিলিয়ে ৩০ নম্বর বরাদ্দ থাকে। তাই এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, তাঁদের জীববিজ্ঞানের প্রস্তুতি কাজে লাগবে। আগে পড়া বিষয়গুলো বারবার ঝালিয়ে নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য ও নতুন বিষয়গুলোও দেখে নিতে হবে।

জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য, বৈশিষ্ট্য, পার্থক্য ও প্রক্রিয়াগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বেশি প্রশ্ন আসা অধ্যায়গুলো চিহ্নিত করলে প্রস্তুতি আরও সহজ হবে।

রসায়ন
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় রসায়নে ২০ নম্বর বরাদ্দ রয়েছে। এ বিষয়ে থিওরিভিত্তিক প্রশ্নের পাশাপাশি গাণিতিক সমস্যাও অনুশীলন করতে হবে। বিগত বছরের প্রশ্নে যেসব অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে, সেগুলো মূল বই থেকে ভালোভাবে পড়া জরুরি।

বিশেষ করে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের প্রথম, তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে বাড়তি গুরুত্ব দেওয়া যেতে পারে। জৈব যৌগের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বৈশিষ্ট্য ও নামকরণও বাদ দেওয়া যাবে না। অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করলে প্রস্তুতি আরও ভালো হবে।

পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞানে ২০ নম্বরের মধ্যে ভালো করতে হলে গাণিতিক সমস্যার নিয়মিত অনুশীলন করতে হবে। বিশেষ করে সূত্রের প্রয়োগ, একক, মাত্রা এবং সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের গাণিতিক অংশে বাড়তি অনুশীলন প্রয়োজন হতে পারে। বিগত বছরের প্রশ্নে আসা অঙ্কগুলো বারবার সমাধান করতে হবে। পাশাপাশি প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র ও সূত্রের প্রয়োগ আয়ত্ত করতে হবে।

ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ না থাকলে দ্রুত ও সহজ পদ্ধতিতে হিসাব করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেসব অঙ্ক ক্যালকুলেটর ছাড়া সমাধান করা সম্ভব, সেগুলো বেশি অনুশীলন করা উচিত।

গণিত
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক শিক্ষার্থীর কাছে গণিত কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে নিয়মিত অনুশীলন করলে এ বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব। গণিতে অন্তরীকরণ, যোগজীকরণ, সরলরেখা, জটিল সংখ্যা, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ, বৃত্ত এবং ফাংশন থেকে বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া যেতে পারে।

বিশেষ করে যোগজীকরণের বিগত বছরের প্রশ্নগুলো সমাধানসহ অনুশীলন করা জরুরি। শুধু সূত্র মুখস্থ না করে কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হয়, তা বুঝতে হবে। পাশাপাশি সহায়ক বই থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো নিয়মিত সমাধান করতে হবে। গণিতে ভালো করতে হলে একই ধরনের অঙ্ক একাধিকবার অনুশীলনের বিকল্প নেই।

ইংরেজি
ইংরেজিতে ১০ নম্বর বরাদ্দ রয়েছে। এ অংশে সাধারণত বেসিক গ্রামার ও শব্দভান্ডার থেকে প্রশ্ন আসে। তাই ইংরেজিতে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শেখা ব্যাকরণের মৌলিক নিয়মগুলো ঝালিয়ে নিতে হবে।

বিশেষ করে Right Form of Verb, Sentence, Preposition, Narration, Voice Change, Spelling, Subject-Verb Agreement, Synonym-Antonym, Proverb ও Translation বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রতিটি বিষয়ের নিয়মের পাশাপাশি ব্যতিক্রমগুলোও পড়তে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি গ্রামার বই থেকে এসব বিষয়ে অনুশীলন করা যেতে পারে।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন
ভর্তি পরীক্ষার আগে নতুন নতুন অধ্যায় শুরু না করে আগে পড়া বিষয়গুলো বারবার অনুশীলন করা ভালো। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পাঁচটি বিষয়ের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার অভ্যাস করতে হবে। এতে সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে।

যেসব প্রশ্নের উত্তর জানা নেই, সেগুলোতে অনুমাননির্ভর উত্তর দেওয়ার আগে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি মাথায় রাখতে হবে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা হলে নিশ্চিত উত্তর দেওয়ার পাশাপাশি সতর্কভাবে প্রশ্ন বাছাই করাও জরুরি।