২০ নভেম্বর ২০২৬, ০৮:১১

সৌন্দর্যে মুগ্ধ ইমা, একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হন জাবিতে

রোকেয়া আক্তার ইমা  © টিডিসি সম্পাদিত

ছোটবেলা থেকেই গণিতের প্রতি বিশেষ আগ্রহ ছিল রোকেয়া আক্তার ইমার। সেই আগ্রহ থেকেই বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়ার স্বপ্ন দেখতেন তিনি। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে শুরু করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। একে একে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতি ভালো লাগা এবং পছন্দের বিষয় গণিত পাওয়ায় শেষ পর্যন্ত সেখানেই ভর্তি হন তিনি। প্রথম দেখাতেই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ মুগ্ধ করেছিল তাকে।

রোকেয়া আক্তার ইমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুরে। ভর্তি প্রস্তুতির শুরুতে অনলাইন কোচিংয়ে ভর্তি হন তিনি। পাশাপাশি সংগ্রহ করেন ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় বই। নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের মধ্য দিয়ে এগিয়ে নিতে থাকেন নিজের প্রস্তুতি।

ইমা বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়জীবনের স্বপ্নযাত্রায় প্রথম ভর্তি পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা দুপুর ১টায় হওয়ায় লক্ষ্মীপুর থেকে একই দিনে এসে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব ছিল না। তাই ভাইয়ের সঙ্গে পরীক্ষার আগের দিন ঢাকায় চলে আসি। পরদিন জাবির ভর্তি পরীক্ষায় অংশ নিই। জাবিই ছিল আমার দেখা প্রথম বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশ প্রথম দেখাতেই আমাকে মুগ্ধ করে। ভর্তি পরীক্ষার প্রশ্নও মোটামুটি ভালো হয়েছিল। পরীক্ষা দিয়ে আশাবাদী হলেও ফলাফল নিয়ে মনে কিছুটা সংশয় ছিল।’

‘এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগের রাতে জাবির ফলাফল প্রকাশিত হয়। কিছুটা উদ্বেগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখতে গিয়ে জানতে পারি, আমি ভর্তির সুযোগ পেয়েছি। খবরটি আমার আনন্দ বাড়িয়ে দেয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও সেখানে সুযোগ হয়নি। তবে পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাই।’

একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও জাবির প্রতি ভালো লাগা এবং পছন্দের বিষয় গণিত পাওয়ায় শেষ পর্যন্ত এখানেই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন ইমা। প্রথম দেখায় যে ক্যাম্পাস তার মন কেড়েছিল, সেটিই হয়ে ওঠে তার বিশ্ববিদ্যালয়জীবনের ঠিকানা।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে ইমা বলেন, ভালো মানের একটি কোচিংয়ে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে হবে। পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে প্রশ্নব্যাংক বেশি বেশি সমাধান করার ওপর গুরুত্ব দিতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে নিয়মিত পড়াশোনা করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন যেমন সুন্দর, সেই পথচলা তেমনই কঠিন। এ সময়ে চাপ, দুশ্চিন্তা, ভয় ও অনিশ্চয়তা কাজ করাটা স্বাভাবিক। কখনো প্রস্তুতি ভালো মনে হবে, আবার কখনো মনে হতে পারে কিছুই হচ্ছে না। তবে এসব অনুভূতি সবারই হয়। তাই হতাশ না হয়ে নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখতে হবে।

আরও পড়ুন: এক প্রস্তুতিতেই ঢাবির সেরা বিভাগে শারিয়া, বললেন— সবচেয়ে বড় ভুল একই বিষয়ের জন্য একাধিক বই পড়া

ইমা বলেন, অন্যের প্রস্তুতি দেখে নিজেকে ছোট ভাবা যাবে না। কে কত ঘণ্টা পড়ছে বা কতটুকু সিলেবাস শেষ করেছে, তা নিয়ে চিন্তা না করে নিজের পড়াশোনায় মনোযোগী হতে হবে। নিয়মিত পড়ার পাশাপাশি বারবার রিভিশন দেওয়া এবং বিগত বছরের প্রশ্ন অনুশীলন করা জরুরি। কোনো বিষয় কঠিন মনে হলে হাল ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে।

পরীক্ষার আগের দিন অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের ওপর আস্থা রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে আগে জানা প্রশ্নগুলোর উত্তর করা উচিত বলেও মনে করেন ইমা। সব প্রশ্নের উত্তর জানা সম্ভব না হলেও হতাশ হওয়া যাবে না।

ভর্তি পরীক্ষার সময় মানসিক শান্তির যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমা। তিনি বলেন, পরিবারকে সময় দেওয়া, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা এবং নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি একটি বিষয় মনে রাখা জরুরি একটি ভর্তি পরীক্ষার ফলাফল কারও মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যতের সম্পূর্ণ পরিচয় নয়। কাঙ্ক্ষিত ফলাফল পেলে কৃতজ্ঞ থাকা এবং প্রত্যাশা পূরণ না হলে ভেঙে না পড়াই উচিত।

ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশে ইমার বলেন, প্রত্যেকে যেন নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে, তাদের পরিশ্রম সফল হয় এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।