১৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৯

ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং, অনুমান করে দাগাবেন নাকি ছেড়ে আসবেন?

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং  © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় যত কাছে আসতে থাকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে উদ্বেগ বাড়তে থাকে। শেষ সময়ে পরীক্ষার্থীদের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসে তা হলো উত্তর ‘জানা না থাকলে কি আন্দাজে দাগাব, নাকি ফাঁকা রাখব?’ বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায়ও নেগেটিভ মার্কিং বা ভুল উত্তরের জন্য নম্বর কাটার নিয়ম রয়েছে। আর এই একটিমাত্র নিয়মের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থী মেধা তালিকার কয়েকশ বা হাজার ধাপ এগিয়ে বা পিছিয়ে যেতে পারেন। তাই এই বিষয়টি নিয়ে সচেতন থাকা খুবই জরুরি।

নেগেটিভ মার্কিংয়ের মূল সমীকরণ
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সঠিক উত্তরের জন্য নির্দিষ্ট নম্বর ১ পয়েন্ট যোগ হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য একটি নির্দিষ্ট ০.২৫ নম্বর কাটা যায়। এই নিয়ম থেকে মূলত একটি রেশিও তৈরি হয়। যেমন—যদি চার ভুলের জন্য ১ নম্বর কাটা যায়, তবে ৪টি ভুল উত্তর দিলে আপনার ১টি সঠিক উত্তরের সমান নম্বর কাটা পড়বে। অর্থাৎ, চারটি অপশনের মধ্যে অন্ধের মতো বা পুরোপুরি না জেনে আন্দাজ দাগালে আপনার ক্ষতি হবে। 

কখন দাগাবেন আর কখন ছাড়বেন?

১. প্রশ্নের সঙ্গে একদমই পরিচিত না থাকলে:
যদি কোনো প্রশ্নের চারটি অপশনের একটিও আপনার চেনা না থাকে এবং কোনোভাবেই অনুমান করতে না পারেন তবে প্রশ্নটি ফাঁকা রেখে আসাই বুদ্ধিমানের কাজ। কারণ এখানে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ, কিন্তু ভুল হলে নেগেটিভ মার্কিংয়ের কারণে আপনার পাওয়া নম্বর থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে।

২. একটি অপশন নিশ্চিত বাদ দিতে পারলে:
চারটি অপশনের মধ্যে যদি অন্তত একটি অপশন সম্পর্কে আপনি নিশ্চিত থাকেন যে এটি ভুল, তবে অপশন থাকে তিনটি। এক্ষেত্রে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেড়ে ৩৩ শতাংশ হয়। এই পরিস্থিতিতে লাভ বা লোকসানের হিসাব প্রায় সমান সমান (Break-even)। আপনার যদি ইতোমধ্যে ভালো নম্বর উঠে থাকে তাহলে ঝুঁকি না নেওয়ায় ভালো।

৩. দুটি অপশন নিশ্চিত বাদ দেওয়া গেলে:
যদি আপনি প্রশ্নের দুটি ভুল অপশন বাদ দিতে পারেন, তবে লড়াইটা হয় বাকি দুটি অপশনের মধ্যে। এখানে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। এই ধরনের প্রশ্নগুলোতে অবশ্যই আন্দাজে বা যৌক্তিক অনুমানের ওপর ভিত্তি করে দাগানো উচিত, কারণ দীর্ঘ মেয়াদে এতে পজিটিভ মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এগুলো সঠিক হলে আপনি পজিশনে অনেকের আগে চলে যেতে পারবেন। এটি আপনার পরবর্তীতে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি ভালো সাবেজেক্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পরামর্শ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন মোসা. হাফসার মতে, যেসব প্রশ্নের উত্তর সহজে ‍তিনি পারছিলেন, সেগুলোর উত্তর আগে দিয়েছেন। যেসব প্রশ্নে সংশয় ছিল, সেগুলো পরে সমাধানের জন্য রেখে দিয়েছিলেন। শেষ পর্যন্ত দুটি প্রশ্নের উত্তর দেননি। কারণ, সেগুলো সম্পর্কে তার ধারণা ছিল না। এ ছাড়া আগের পরীক্ষার অভিজ্ঞতা থেকে উত্তেজিত হয়ে ভুল করার প্রবণতাও নিয়ন্ত্রণ করতে হবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ১৬তম হয়েছিলেন মো. মুনতাসিম বিল্লাহ সোহাগ। তিনি বলেন, পরীক্ষার হলে মানসিকভাবে চাপমুক্ত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় টেনশনমুক্ত থাকলে উত্তর ভুল কম হওয়ার সম্ভাবনা থাকে। আর যে বিষয় জানা নেই তা না উত্তর করা ‍বুদ্ধিমানের কাজ।
 
আপনার লক্ষ্য সর্বোচ্চসংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া নয়; বরং নিজের জানা প্রশ্নগুলো থেকে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করা। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনটি নিশ্চিত প্রশ্নের সময় নষ্ট করাও ক্ষতির কারণ হতে পারে।

ভর্তি পরীক্ষায় মেনে চলার কিছু জরুরি কৌশল:

লজিক্যাল গেসিং বা এলিমমিনেশন পদ্ধতি: ভর্তি পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার আশা করা বোকামি। তাই যেসব প্রশ্নে সরাসরি উত্তর জানা নেই, সেখানে পরিচিত অপশনগুলো বাদ দিয়ে সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছানোর অভ্যাস করুন।

মক টেস্টে অনুশীলন: মডেল টেস্ট বা মক পরীক্ষার সময় যে প্রশ্নগুলোতে আন্দাজ করছেন, তার পাশে লিখে রাখুন কয়টি অপশন বাদ দিতে পেরেছিলেন। পরীক্ষা শেষে মিলিয়ে দেখুন আপনার অনুমানগুলোর মধ্যে কতটি সঠিক হয়েছে। এতে আপনার আন্দাজ করার ক্ষমতা বা নিখুঁত অনুমানের দক্ষতা সম্পর্কে ধারণা পাবেন।

সময় ব্যবস্থাপনা: ভর্তি পরীক্ষায় সময়ের হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের জন্য খুব কম সময় পাওয়া যায়। তাই কোনো একটি কঠিন বা অজানা প্রশ্নে আটকে না থেকে প্রথমে নিশ্চিত প্রশ্নগুলো দ্রুত শেষ করুন। পুরো প্রশ্নপত্র একবার শেষ করার পর হাতে সময় থাকলে তখন সন্দেহভাজন বা লজিক্যাল গেসিং করা প্রশ্নগুলোতে ফিরে যান।