কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বাড়ল ৪০০ টাকা, যোগ হচ্ছে ৪র্থ বিষয়ের নম্বর, জিপিএ যোগ্যতা কমানোসহ বড় ৫ পরিবর্তন
কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। এ বছর ৯৪টি আসন বাড়ানো হয়েছে। সেইসাথে একলাফে আবেদন ফি বাড়ানো হয়েছে ৪০০ টাকা। এছাড়া জিপিএ যোগ্যতা ও ফলাফল প্রস্তুতিসহ ৫টি বড় পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এতে সেকেন্ডটাইমার ও পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ পেলেও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন না।
একলাফে আবেদন ফি বাড়ল ৪০০ টাকা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের ভর্তি আবেদন ফি একলাফে বাড়ানো হয়েছে ৪০০ টাকা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১২০০ টাকা। এবার তা বাড়িয়ে ১৬০০ টাকা করা হয়েছে।
৪ বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা বেড়েছে ৯৪টি
গত বছরের তুলনায় এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আসনসংখ্যা ৯৪টি বৃদ্ধি পেয়েছে। গত বছর ৩ হাজার ৭০১টি আসন থাকলেও এবার ভর্তি নেওয়া হবে ৩ হাজার ৭৯৫টি আসনে। এর মধ্যে সর্বোচ্চ ৬০টি আসন বেড়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ফলে বিশ্ববিদ্যালয়টির মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬টিতে। আসন বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে ২১টি আসন বাড়িয়ে মোট আসনসংখ্যা করা হয়েছে ৪৭৩টি। এ ছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯টি আসন বেড়ে হয়েছে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪টি বেড়ে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৮৬টিতে।
এছাড়া অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসনসংখ্যা নির্ধারণ করা রয়েছে।
জিপিএ যোগ্যতা কমল
ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতায় বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্বে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮.৫ লাগতো। এবার সেটি কমিয়ে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮ করা হয়েছে।
ফলাফল প্রস্তুতিতে পরিবর্তন
ফলাফল প্রস্তুতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের সাথে এসএসসি ও এইচএসসিতে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৫ নম্বর করে যোগ করে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হতো। এবার চতুর্থ বিষয়সহ প্রাপ্ত নম্বর যোগ করা হবে।
সেকেন্ডটাইমারের পাশাপাশি সুযোগ পাচ্ছেন পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ২০২৫ সালে এসএসসি বা সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। অন্যদিকে, কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে ২৫ নভেম্বর। ফলে পুনর্নিরীক্ষণের ফলাফলে পরিবর্তন আসা শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করার সুযোগ পাবেন। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না। কারণ, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই কৃষিগুচ্ছের ভর্তি আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে।