০৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৯

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব

বিশ্ববিদ্যালয়-ভর্তি-পরীক্ষা-সমন্বয়ে-কেন্দ্রীয়-কমিটি-গঠনের-প্রস্তাব  © টিডিসি সম্পাদিত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও সময়সূচিতে সমন্বয় আনতে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রস্তাবিত এ কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ প্রস্তাব দেওয়া হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব সভায় আলোচিত হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। 

তিনি বলেন, কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

সভায় উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আমরা আশা করি, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।