মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
আগামী ১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী দুয়েকদিনের মধ্যেই। এ ছাড়া চলতি মাসের ১৮ তারিখ নাগাদ অনলাইনে আবেদন শুরু হতে পারে।
আজ শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।
মহাপরিচালক বলেন, আমরা ৪ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এইচএসসি ও সমমানের ফল প্রকাশ দেরিতে হওয়ায় সম্ভব হয়নি। আর ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় নেওয়া সম্ভব না। তাই ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দুয়েকদিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আর ১৫ থেকে ১৮ নভেম্বর নাগাদ অনলাইন আবেদন শুরু হবে।
এ বছর এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনঃপরীক্ষার সুযোগ পাচ্ছেন আগামী ১ ডিসেম্বর। এক্ষেত্রে ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন কিনা জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন, এটি সরকারের সিদ্ধান্ত।